২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর কলেজে মারামারি করে ধর্মঘট ডাকলো ছাত্রলীগ

একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে মারামারির পর ধর্মঘট ডেকেছে সরকার সমর্থক ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

মাদারীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে মারামারির পর ধর্মঘট ডেকেছে সরকার সমর্থক ছাত্রলীগ। মারামারির জন্য সংগঠনটির বিবদমান দুটি পক্ষ একে অপরকে দায়ী করছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজে শিক্ষার্থী ভর্তির সুপারিশকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) জহির মোল্লা (২৫), অপু খান (১৮), আল-আমিন (১৭), হানিফ শরীফ (১৮), জুয়েল (১৯)সহ ১০ জন আহত হয় বলে শিক্ষার্থীরা জানায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) জাহিদ হোসেন অনিক সংগঠনের অন্য পক্ষকে দায়ী করে সাংবাদিকদের বলেন, "অবৈধ পন্থায় একাদশ শ্রেণীতে ভর্তি করাতে চেষ্টা করছিলেন নৌমন্ত্রীর (শাজাহান খান) অনুসারী ছাত্রলীগ নেতা মিরাজ হোসেন। এর প্রতিবাদ করতে গেলেই সংঘর্ষ বাঁধে।" ছাত্রলীগের অন্য অংশটি সংঘর্ষের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমের অনুসারী নেতাদের দায়ী করেছেন। ছাত্র সংসদের সাবেক জিএস সাইফুর রহমান রুবেল খান বলেন, "নাছিম গ্র"পের কর্মীরাই প্রথমে হামলা চালায়। এরপর সংঘর্ষ শুরু হয়।" সংঘর্ষের পর মন্ত্রী ও সদরের সংসদ সদস্য শাজাহান খান সমর্থক বলে পরিচিত ছাত্রলীগের কলেজ কমিটির আহ্বায়ক শেখ আবদুল্লাহ মাহমুদ উজ্জ্বল ও সদস্য সচিব মো. আব্বাস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে নাছিম সমর্থক বলে পরিচিত কলেজ ছাত্র সংসদের ভিপি অনীক ও জিএস জহির আলাদা বিজ্ঞপ্তিতে তিন দিনের ধর্মঘট ডেকেছেন। উভয় পক্ষই সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে। এদিকে মাদারীপুর সদর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় করার জন্য কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৭ ঘ.