গাইবান্ধা, ২২ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট ছিনতাই ও ফল ঘোষণাকে কেন্দ্র করে গাইবান্ধায় দু'দফা অবরোধ করেছে দুই প্রার্থীর সমর্থকরা।
মঙ্গলবার রাত ১০টা থেকে ১১টা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা এবং রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পলাশবাড়ীতে এই অবরোধ হয়।
এ সময় জনতা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাংচুর করে এবং কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও টিআর গ্যাস শেল নিক্ষেপ করে।
এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
এ সময় রাস্তার দু'পাশে হাজার-হাজার গাড়ি আটকে থাকে।
আহতদের মধ্যে রয়েছেন- হেলাল মিয়া (৪০), প্রবীর সাহা (৫০), ভোলানাথ (২৪), ছলেমান সরকার (৩০), ফুল মিয়া (৩৫), আব্দুল কুদ্দুস (৪৫), আজিজ মিয়া (৩২), আব্দুস ছালাম (৫০)। বাকিদের নাম জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার জানান, বিশ্রামগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইটিং অফিসার ও পলাশবাড়ী সরকারি কলেজের প্রভাষক মো. হজ্জত আলী ফলাফল ও ব্যালট জমা দেওয়ার জন্য রাত সাড়ে ৯টার দিকে উপজেলা চত্বরে আসেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলামের সমর্থকরা তাকে মারধর করে তার কাছে থাকা ফলাফল সিট ও ব্যালটের বস্তা ছিনিয়ে নেয়। পরে তার কাছ থেকে অন্য একটি ফলাফলসিটে জোর করে স্বাক্ষর নেয়।
এ খবর পেয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন সরকারের সমর্থকরা ঢোলভাঙ্গায় সড়ক অবোরোধ করে।
ইউএনও আরো জানান, পরে থানায় জমা রাখা অন্য একটি ফলাফল সিট থেকে রাত ১১টার দিকে ওই ফল ঘোষণা করা হয়। মাত্র ১২ ভোটে নুরুল আমিন সরকার জয়ী হওয়ায় পরাজিত তৌহিদুল ইসলামের সমর্থকরা ফলাফল বাতিলের দাবিতে পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে।
পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পলাশবাড়ীতে লাঠিপেটা, রাবার বুলেট ও টিআর গ্যাস সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ-জনতা ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24