২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহী' কবিতার ৯০তম বর্ষপূর্তিতে নজরুল সম্মেলন

কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বছর বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী 'আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০১১'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা রচনার ৯০ বছর বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী 'আন্তর্জাতিক নজরুল সম্মেলন ২০১১'। কবি ও তার রচনাবলীকে 'শান্তির দূত' হিসেবে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি জানান, ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে কবির নাতনি খিলখিল কাজী ছাড়াও দেশের নজরুল গবেষকরা বক্তব্য উপস্থাপন করবেন। আন্তর্জাতিক নজরুল গবেষকদের মধ্যে যুক্তরাষ্ট্রের অধ্যাপক উইন্সটন ই ল্যাংলি ও ড. রাসেল ফেল ম্যাকডারমেট, নেদারল্যান্ডসের ড. পিটার কাস্টার্ড, চীনের মিজ ইয়ং ওয়েই মিং ও ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার এতে অংশ নেবেন। এ ছাড়া অংশ নেবেন পশ্চিমবঙ্গের নজরুল শিল্পী সুস্মিতা গোস্বামী, কৃষ্ণা মজুমদার ও রামানুজ দাশগুপ্তসহ বাংলাদেশের ১৪ জন নজরুল শিল্পী। সংস্কৃতি মন্ত্রী বলেন, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের নজরুল চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং সঙ্গীত সাধক নীলিমা দাশকে 'নজরুল পুরস্কার ২০১০' দেওয়া হবে। এজন্য প্রত্যেকে ৫০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও একটি সম্মাননাপত্র পাবেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে কবিকে বিশ্ব দরবারে তুলে ধরে 'মরণোত্তর নোবেল' প্রাপ্তির লক্ষ্য নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। অবশ্য মৃত কারো নাম নোবেল পদকের জন্য প্রস্তাব করার কোনো নিয়ম নেই। নোবেল ফাউন্ডেশনের ভাষ্য অনুযায়ী, ১৯৭৪ সালের পর থেকে এ পর্যন্ত মৃত কাউকে নোবেলের জন্য মনোনয়ন দেওয়া হয়নি। তবে নাম ঘোষণার পর মারা যাওয়ায় ১৯৯৬ সালে অর্থনীতিতে উইলিয়াম ভিক্রের নোবেল পদক বহাল রাখা হয়েছিলো। সচিবালয়ে সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার ও কবির নাতনি খিলখিল কাজী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এএল/১৮৩৪ ঘ.