গাজীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হন তিনজন।
মঙ্গলবার রাতে বেরাইদেরচালা এলাকায় এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে শতাধিক গাড়ি ভাংচুর করেছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রাত সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
নিহত শ্রমিকের নাম ফাতেমা বেগম (২৩)। আহত হয়েছেন ফাতেমার স্বামী আজিজুল হক (২৮), সহকর্মী জহুরা (২৪) ও নমিতা (২৫)।
তারা সবাই স্থানীয় বেরাইদের চালা এলাকার ডেনিম্যাক লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক।
আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুইয়া জানান, কাজ শেষে বাসায় ফেরার সময় রাত সোয়া ৮ টার দিকে ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ফাতমার মৃত্যু হয়।
খবর পেয়ে ওই কারখানার কয়েকশ' শ্রমিক গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে অবরোধ ও গাড়ি ভাংচুর শুরু করে।
এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে শ্রীপুর থানা ও মাওনা মহাসড়ক পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরালে যানবাহন চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৮ ঘ.
bdnews24