২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিজিবির লাটিপেটায় আহত ৬

জয়পুরহাটের রামভদ্রপুর গ্রামে মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের লাটিপেটায় ছয় গ্রামবাসী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

জয়পুরহাট, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের রামভদ্রপুর গ্রামে মঙ্গলবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের লাটিপেটায় ছয় গ্রামবাসী আহত হয়েছে। জেলার পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তবর্তী রামভদ্রপুর গ্রামে একটি গরুর মালিকানা নিয়ে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বিজিবির লাঠিপেটায় আহত হয় ছয় গ্রামবাসী। বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। মখলেছার রহমান, ছাইফুল ইসলামসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রামভদ্রপুর গ্রামের সাইদুর রহমান নিজের দাবি করে মাঠ থেকে একটি গরু তার বাড়ি নিয়ে আসছিলেন। এ সময় পার্শ্ববর্তী কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তা ভারতীয় গরু বলে চ্যালেঞ্জ করে গরুসহ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যেতে থাকে। এ পরিস্থিতিতে প্রথমে সাইদুরের পরিবারের লোকজনের সঙ্গে বিজিবি সদস্যদের কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে বিজিবি সদস্যরা মোজাম্মেল হক নামে আরো একজনকে আটক করে পিক-আপ ভ্যানে টেনে তুলতে চাইলে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে বলে জানান তারা। এ সময় বিজিবি লাঠিপেটাসহ এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আহতদের মধ্যে মোজাম্মেল হক ও নাজিরা বেগমকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। জয়পুরহাট-৩ বিজিবি'র গোয়েন্দা কর্মকর্তা মেজর শাকিল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৫১ ঘ.