কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন রুটে লঞ্চের নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও আগের ভাড়াই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন লঞ্চমালিকরা।
লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সচিব ছিদ্দিকুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, সরকার ভাড়া বাড়ালেও মালিকরা আগের ভাড়াই নিচ্ছে।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৯টি রুটের মধ্যে ১২টি রুটের সরকার-নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া হয়েছে।
"এগুলো হলো- ঢাকা থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী, চাদঁপুর, হিজলা, মুলাদী, মুলাদী বাজার, ভাসান চর, মতলব, বরগুনা, হাতিয়া ও বোরহান উদ্দিন।"
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইটিএ) পরিদর্শক সৈয়দ মাহফুজুর রহমান বলেন, সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
"এ সব লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার নেওয়া কথা কেউ স্বীকার করেনি।"
গত ১৪ জুন নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক সভায় প্রতি কিলোমিটারে ভাড়া ১২ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত হয়।
এ অনুযায়ী, ঢাকা থেকে বগা পুনর্নির্ধারিত ভাড়া ২৬৮ টাকা, ঢাকা থেকে পটুয়াখালী ২৮২ টাকা, ঢাকা-ভোলা-খেয়াঘাট ২২৫ এবং ঢাকা-বরিশাল ২০৫ টাকা।
লঞ্চের ডেক শ্রেণীর ভাড়ার পাঁচ গুণ হবে বিশেষ সেলুনের ভাড়া, সাধারণ কেবিনের ভাড়া চার গুণ ও প্রথম শ্র্রেণীর ভাড়া হবে এর দ্বিগুণ।
সরকারি ভাড়ার চেয়ে পাঁচশ টাকা কম!
সুন্দরবন-৫ লঞ্চের কেবিনের যাত্রী শেফালী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটুয়াখালী যেতে তিনি সিঙ্গেল কেবিনের ভাড়া দিয়েছেন ছয়শ টাকা।
ওই লঞ্চের ব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু জানান, ওই কেবিনের সরকার-নির্ধারিত ভাড়া ১১শ টাকা।
তিনি বলেন, ওই ভাড়া আমরা ঈদেও নিতে পারি না।
একই লঞ্চের ডেকের যাত্রী সালাম জানান, তার কাছ থেকে একশ ৫০ টাকা নেওয়া হয়েছে। অথচ সরকার কর্র্র্তৃক নির্ধারিত ভাড়া দুশ ৮২ টাকা।
ঢাকা-বরগুনা রুটের নুসরাত-২ লঞ্চের মালিক মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকা নেই।
এমভি টিপু-৫ লঞ্চের ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, "সরকার-নির্ধারিত ভাড়া লঞ্চমালিকরা কখনও নেয় না।"
কেন নেওয়া হয় না- জানতে চাইলে তিনি বলেন, প্রতিযোগিতার জন্য তা নেওয়া হয় না। এছাড়া লঞ্চে সাধারণত গরীব যাত্রী বেশি হয়।
সরেজমিনে দেখা গেছে, দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোর মধ্যে শুধু চাঁদপুরগামী লঞ্চে সরকার-নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/পিডি/২০৩৯ ঘ.
bdnews24