সিলেট, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানিকর মন্তব্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
জেলা বারের আইনজীবী অসিত ভট্টাচার্য মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালি থানাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
গত ৩০ এপ্রিল একটি বেসরকারি টিভিতে সিলেটের 'গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন' সম্পর্কে বিরূপ মন্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়।
মামলায় অভিযোগে বলা হয়- জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম দেশ টিভির সংবাদে 'গোপালটিলা দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন'কারীদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "ওরাই জড়িত। আজকে যারা মানববন্ধন করছে ওরাও জড়িত। আমার কাছে খবর আছে। যারা সুবিধা পায় তারা চুপ থাকে। যারা সুবিধা পায় না, তারা চিল্লাচিল্লি করে।"
মামলার বাদী অসিত ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের এই বক্তব্যে 'গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন'-এর নেতৃবৃন্দের চরম মানহানি হয়েছে। এ জন্য ফৌজদারী আইনের ৫০০ ধারায় এ মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করেছে। কোতোয়ালি থানার পুলিশকে তদন্ত শেষে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত।
আদালতে মামলা দায়ের করার সময় আইনজীবী আবদুল মওদুদ, প্রশান্ত কুমার পাল, বিমান চন্দ্র দাস, নিতু কান্ত দাস, হুমায়ুন কবির ও মো. মনির উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম জানান, তিনি মামলার ব্যাপারে কোনো কিছু জানেন না।
সিলেটের গোপালটিলায় দেবত্তোর আখড়ার সম্পত্তিতে প্লট বেচাকেনার প্রতিবাদে আন্দোলন করে আসছে 'গোপালটিলা ভূমি আত্মসাৎ প্রতিরোধ আন্দোলন'। মামলার বাদী অসিত ভট্টাচার্য ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৯ ঘ.
bdnews24