গাজীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস চালককে মারধর করায় মঙ্গলবার দুপুর থেকে সাড়ে তিনঘণ্টা ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
এতে তরগাঁও থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত ব্যাপাক যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, সোমবার বিকালে ওই সড়কের এসিআই এলাকার এক যাত্রীকে সম্রাট পরিবহনের একটি বাসে উঠায়নি শ্রমিকরা।
এর জের ধরে মঙ্গলবার দুপুর ২টার দিকে এসিআই এলাকায় কিছু লোক অবরোধ দিয়ে সম্রাট পরিবহনের একটি গাড়ি আটক করে।
এরপর তারা ওই গাড়ির চালক মিন্টুকে নামিয়ে মারধর করে।
এদিকে মিন্টুকে মারধরের খবর শুনে শ্রমিকরা দুপুর আড়াইটা থেকে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর তারা কাপাসিয়া বাজার ও এসিআই এলাকায় সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সন্ধ্যা ৬টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
আহত চালক মিন্টুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে গাজীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন খান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই এ সড়কের রাজাবাড়ী, এসিআই, ধলাদিয়া, রাজেন্দ্রপুর এলাকায় লোকজন পরিবহন শ্রমিকদের মারধর এবং গাড়ি ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.
bdnews24