সিলেট, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পাহাড় ও টিলা কাটায় একটি আবাসন প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ ৩৪ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া আরো পাঁচ লাখ ৩৪ হাজার টাকা খরচ করে আগামী পাঁচ দিনের মধ্যে কাটা এলাকায় মাটি পুনঃভরাট ও গাছপালা লাগিয়ে সবুজায়ন করার নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খাদিমপাড়া এলাকার মলাই টিলা এলাকায় শালিমার হাউজিং লিমিটেডকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর এ অভিযান চালান বলে অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, মলাই টিলায় শালিমার হাউজিং প্রকল্প নামের একটি প্রতিষ্ঠান পাহাড়ের চূড়ায় ৩৫ হাজার বর্গফুটের একটি গর্ত খুঁড়ে আবাসন প্রকল্প গড়ে তোলার কাজ করেছিল।
অভিযানকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেইনকে গ্রেপ্তার করে তাৎক্ষণিকভাবে পাঁচ লক্ষ ৩৪ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
এছাড়া পাহাড়টি পুনঃভরাট করে সবুজায়নের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশের পর থেকেই প্রতিষ্ঠানটি ৫০ জন শ্রমিক দিয়ে ভরাট কার্যক্রম শুরু করেছে এবং পাহাড়ের কাটা অংশের চারপাশে ১০০টির বেশি বনজ বৃক্ষের চারা রোপন করা হয় বলে অধিপ্তরের কর্মকর্তারা বলেন।
অভিযান পরিচালনাকারী মোহাম্মদ মুনীর চৌধুরী সংবাদিদের বলেন, পাহাড়টি এভাবে কাটার ফলে বৃক্ষের ক্ষতি, ভূত্বকের পরিবর্তন, ভূমিক্ষয়, ভূমিধ্বস এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে।
এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24