নড়াইল, জুন, ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা সংক্রান্ত মামলায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত হাইকোর্টের একটি চিঠি মঙ্গলবার বিকালে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ৩টার দিকে নির্বাচন স্থগিত সংক্রান্ত হাইকোর্টের একটি চিঠি ফ্যাক্সযোগে জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছেছে।
"তাই পেড়লী ইউনিয়নের নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে," বলেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের এসএম সাইফুজ্জামান নির্বাচন স্থগিত ও 'পাঁচ গ্রাম' নামে একটি নতুন ইউনিয়ন গঠনের নির্দেশনা চেয়ে গত ১৯ জুন হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহম্মেদ ও মো. সাখাওয়াত হুসাইনের আদালত চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে এবং ওই ৫টি গ্রাম নিয়ে আলাদা 'পাঁচ গ্রাম' নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা যায় কি না তা জানিয়ে জরুরিভাবে মতামত দেওয়ার জন্য নড়াইলের জেলা প্রশাসককে নির্দেশ দেয়।
কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নটি নবগঙ্গা নদীর দুইপাশে অবস্থিত। পশ্চিম পাশে রয়েছে পিরোলিস্তান, সাতবাড়িয়া, পাটেশ্বরী, মহিষখোলা ও যাদবপুর। এই পাঁচ গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি আলাদা ইউনিয়ন গঠনের দাবি জানিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৩ ঘ.
bdnews24