২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎতাড়িত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

রাজধানীর বাড্ডায় কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:41 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডায় কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ১৭ নম্বর মধ্য বাড্ডায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম মো. ইব্রাহিম (১৬)। সে স্থানীয় আলাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়তো। নিহতের চাচা মো. ফিরোজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, পাশের বাড়ির ছাদে উঠে কবুতর ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম আহত হয়। সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা ওই স্কুল ছাত্রের লাশ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে এসেছিলেন। তারা ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ দেওয়ার জন্য আবেদন করেছেন। এক ভাই দুই বোনের মধ্যে ইব্রাহিম ছিলো সবার ছোট। তার বাবার নাম মজিবর রহমান। গ্রামের বাড়ি পিরোজপুরের সরুপকাঠিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২৩৫ ঘ.