২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান

সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মহাজোটের সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:35 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বিরোধী দলকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মহাজোটের সংসদ সদস্যরা। সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বেশিরভাগ সংসদ সদস্য বিরোধী দলকে ফিরে আসার আহ্বান জানান। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, "গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে বিরোধী দলের সংসদে ফেরা উচিত।" প্রধান বিরোধী দলের জন্য সংসদে আসা 'ফরজ কাজ' বলে উল্লেখ করেন আবদুল মান্নান। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, কৃষি খাতে ভর্তুকি অব্যাহত রাখা উচিত। কৃষিভর্তুকি অব্যাহত রাখলে বাজেটের যে সমালোচনা হচ্ছে তা আর থাকবে না। পাশাপাশি শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মান্নান। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে দেশের অর্থনীতি শক্ত ও স্থিতিশীল অবস্থায় রয়েছে- উল্লেখ করে তারানা হালিম বলেন, "মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাণিজ্য ঘাটতি কমানো ও গুণগতভাবে উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।" বিরোধী দলের সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল প্রতিমাসে সংসদের বেতনভাতা হিসাবে ৩৫ লাখ ৬৩ হাজার ৮৬০ টাকা নেয়। আবার প্রতিদিন চার ঘণ্টা ধরে হিসাব করলে সংসদের ব্যয় প্রতি মিনিটে এক লাখ ৪০ হাজার টাকা। ফলে এসব খরচের জন্য বিএনপিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ২০১১-২০১২ সালের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় আরো অংশ নেন খান টিপু সুলতান, শওকত মোমেন শাহজাহান, মনোরঞ্জনশীল গোপাল, রওশন জাহান সাথী, কে এম খালিদ, সানজিদা খানম, তাজুল ইসলাম, সুবিদ আলী ভুঁইয়া, আমেনা আহমেদ, নুর আফরোজ আলী, নুরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর ব্যাপক সমালোচনা করেন সরকারি দলের সংসদ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/২২২৮ ঘ.