ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে দুইজন যুগ্ম-সচিব ও ১৫ জন সিনিয়র সহকারি সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। সিনিয়র সহকারী সচিবদের মধ্যে ১০ জনকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং চারজনকে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে।
যুগ্ম-সচিবদের মধ্যে জালানি ও খনিজ সম্পদ বিভাগে কর্মরত আহমেদ উল্লাহকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাফাত আহমেদ চৌধুরীকে বদলি করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে।
চট্টগ্রাম সীতাকুণ্ডের ইউএনও আব্দুর রউফকে কক্সবাজার, মৌলভীবাজার রাজনগরের ইউএনও মোহাম্মদ মোখলেছুর রহমানকে সিরাজগঞ্জ, ফরিদপুরের সদরপুরের ইউএনও খন্দকার অলিউর রহমানকে সুনামগঞ্জ, লক্ষ্মীপুরের রায়পুরের ইউএনও রায়হান কাওসারকে নওগাঁ, কুষ্টিয়ার খোকসার ইউএনও দাউদ মিয়াকে বরিশাল, পাবনা বেড়ার ইউএনও হাসানুল মতিনকে পঞ্চগড়, গোপালগঞ্জ কাশিয়ানীর ইউএনও সুভাষ চন্দ্র বিশ্বাসকে পাবনা, সিলেট সদরের ইউএনও এনামুল হাবিবকে নোয়াখালী, ঠাকুরগাঁও রাণীশংকৈলের ইউএনও এরশাদুল হককে রংপুরে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানকে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
ইউএনও নিয়োগের জন্য ময়মনসিংহের মুক্তাগাছার সহকারি কমিশনার (ভূমি) আবদুল আউয়াল, টাঙ্গাইল মির্জাপুরের সহকারি কমিশনার (ভূমি) দিদার-ই-আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও ঢাকার কোতয়ালী সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খায়বর রহমানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া সুনামগঞ্জ জামালগঞ্জের ইউএনও মোহাম্মদ আবুল হাশেমকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯২৩ ঘ.
bdnews24