সাতক্ষীরা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা ভোমরা সীমান্তে ভারতীয় পাসপোর্টসহ একজন সেবিকাকে আটক করা হয়েছে।
কৃষ্ণারাণী হিরা (৪৫) নামের এই সেবিকা গোপালগঞ্জ জেলার টুঠামান্দ্রা গ্রামের জগদীশ কর্মকারের স্ত্রী ও গোপালগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।
রোববার সন্ধ্যায় ভারতে যাওয়ার পথে ভোমরা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক রাশেদুজ্জামান জানান, কৃষ্ণারাণী নিজের পরিচয় গোপন করে গৃহিনী হিসাবে গত ২০ এপ্রিল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারতে যান।
পরে ২৫ মে তিনি বাংলাদেশের পাসপোর্ট রেখে ভারতীয় পাসপোর্টে (জে ৬১২৮০৫৯) সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে আসেন। ভারতীয় পাসপোর্টে তার ঠিকানা ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ঘোলা থানার ক্ষুদিরামনগর গ্রাম উল্লেখ রয়েছে।
রাশেদুজ্জামান আরো জানান, বাংলাদেশি ও ভারতীয় পাসপোর্টে নাম ও স্বামীর নাম একই আছে। রোববার সন্ধ্যায় কৃষ্ণারাণী ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভারতীয় ওই পাসপোর্ট নিয়ে ভোমরা ইমিগ্রেশনে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে রেজিষ্ট্রার যাচাই করে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
রাতেই কৃষ্ণারাণীকে সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ওসি শাহজাহান আলী খাঁন জানান, কৃষ্ণারাণী দ্বৈত নাগরিক। তিনি প্রায়ই ভারতে যাওয়া আসা করে থাকেন।
ওসি আরো জানান, এ ব্যাপারে ইমিগ্রেশন উপ-পরিদর্শক রাশেদুজ্জামান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
সোমবার দুপুরে কৃষ্ণারাণীকে আদালতে পাঠানো হয়।
এদিকে কৃষ্ণারাণী সাংবাদিকদের জানান, তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। ভারতে যাতায়াতের সুবিধার্থে তিনি দুই দেশের দুটি পাসপোর্ট করে রেখেছেন। তিনি জানান, ভারতে তাদের একটি বাড়িও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৬ ঘ.
bdnews24