ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাজাদান স্বাধীন বিচার ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ ও আইন-বহির্ভূত বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেন, যেসব ম্যাজিস্ট্রেট এই সাজা দিয়েছেন, একদিন তাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে।
ভ্রাম্যমাণ আদালতে সাজা নিয়ে সোমবার আইনজীবী সমিতির এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যে সাজা দিচ্ছেন, তা স্বাধীন বিচার ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ এবং আইন-বহির্ভূত। সেখানে কোনো ধরনের সাক্ষ্য বা শুনানি ছাড়াই শাস্তি দেওয়া হয়েছে।"
"ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ-২০০৯ অনুযায়ী, ম্যাজিস্ট্রেটদের সামনে সংগঠিত অপরাধের সাজার কথা বলা হয়েছে। কিন্তু এখানে থানায় ধরে এনে সাজা দেওয়া হচ্ছে। যা সম্পূর্ণ বেআইনি।"
গত ১২ ও ১৩ জুন বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা হরতালে প্রথমবারের মতো পিকেটারদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। হরতালের আগের দিন সন্ধ্যা থেকে হরতালের দুই দিনে দেড় শতাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার পর প্রধান বিরোধী দল বিএনপি পিকেটারদের সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার ঘোষণা দেয়।
বিএনপিপন্থী আইনজীবীদের নেতা মাহবুব বলেন, "এসব অপরাধের বিচার করার কথা বিচারিক ম্যাজিস্ট্রেটদের। আইনের অপপ্রয়োগ করে দেওয়া এই সাজার মাধ্যমে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
"পদোন্নতিতে দলীয়করণ এবং নানা ধরনের ক্রটির কারণে বিচার বিভাগের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে।"
অনেক বিচারপতি কথায় কথায় মানবতার কথা বলেন উল্লেখ করে সুপ্রিম কোর্ট বারের সভাপতি আরো বলেন, "আমরা আশা করেছিলাম তারা (বিচারপতিরা) এই ঘটনার পর স্ব-প্রণোদিত হয়ে রুল দেবেন। কিন্তু তারা কোনো রুল দেননি।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এইচএ/১৮২৫ ঘ.
bdnews24