ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় সাত জেলার বিস্তীর্ণ এলাকা নিম্নচাপের প্রভাবে জোয়ারে প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
পটুয়াখালী, চাঁদপুর, বাগেরহাট, বরগুনা, বরিশাল, সাতক্ষীরা ও নোয়াখালীর প্লাবিত এলাকার কোথাও কোথাও নৌযান চলাচল ও সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ের কবলে পড়ে কয়েকটি ভারতীয় জেলে নৌকা আশ্রয় নিয়েছে বাংলাদেশ।
ঝড় ও জলোচ্ছ্বাসে কয়েক স্থানে ভেঙে গেছে উপকূলীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি, ভেসে গেছে চিংড়ি ঘের। বিধ্বস্থ হয়েছে কাঁচা ঘরবাড়ি।
বিভিন্ন স্থান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর
-
পটুয়াখালী
: পটুয়াখালীতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট। দফায় দফায় প্লাবিত হয়েছে পটুয়াখালী শহর।
স্থানীয়রা জানায়, নির্মাণাধীন 'শহর রক্ষা বাঁধ' এর দরজা না দেওয়ায় পানি ঢুকে পরেছে শহরে। ফলে শহরের লঞ্চঘাট, কাঠপট্টি, চরবাজার, বনিক পট্টি, সদর রোড, গার্লস স্কুল রোড, জুবিলী স্কুল রোড সহ নিম্নাঞ্চল প্লাবিত হয় দেড় থেকে দুই ফুট জোয়ারে।
কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব জানান, বৈরী আবহাওয়ার কারণে শতশত মাছ ধরা ট্রলার নিরাপদে নোঙ্গর করে আছে। ফেরিঘাটগুলোর গ্যাংওয়ে ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।
পটুয়াখালী নৌ বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিন দিন ধরে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান তিনি।
মরিচবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাদের খান জানান, বরুণবাড়িয়া গ্রামের দু'পাশের বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
মির্জাগঞ্চ উপজেলার দেউলী-সুবিদখালী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মৃধা জানান, সকালে বাঁধ ভেঙে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে ৬০ এর জমির আউশ ও ইরি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়ের কবলে পড়ে ৫টি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ ৬৪ জন জেলে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ও কুয়াকাটা এলাকায় আশ্রয় নিয়েছে।
শুক্রবার রাতে 'এফবি আনন্দময়ী' নামে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভেসে ভেসে ১৪ জেলেসহ কুয়াকাটা সৈকতে আশ্রয় নেয়।
শনিবার সকালে এফবি মা লক্ষী, এফবি অনপূর্ণা ও এফবি শংখদ্বীপ এর আরো ৫০ জেলেরা মহিপুর ও আলীপুর খালে আশ্রয় নিয়েছে।
মহিপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, শনিবার সকালে আসা ভারতীয় ৬৪ জন জেলের তালিকা করা হয়েছে। তাদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে বলে জানান এসআই।
চাঁদপুর
: তিন দিনের টানা বর্ষণে চাঁদপুরের হাইমচর উপজেলার ২৫টি চরের অন্তত দু'লাখ অধিবাসী পানিবন্দি হয়ে পড়েছে। এসব চরের মধ্যে রয়েছে- মাঝেরচর, মিয়ার বাজার, ঈশানবালা, চরকাশেম, চরজালালপুর, লালমিয়ার চর, সাহেবগঞ্জ, ডাকেরচর, গাজীপুর চর, মনিপুর, ফতেজংপুর, দিয়ারাকান্দি, মোল্লাকান্দি চর।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের কার্য-সহকারী মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনার পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দু'দিনে মেঘনার পানি স্বাভাবিকের চেয়ে এক মিটার বৃদ্ধি পেয়েছে। এতে চরগুলো প্লাবিত হয়ে পড়ছে।
হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিবর্ষণে চরবাসীদের পাশাপাশি উপজেলা সদরে বসবাসকারী লোকজনদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে তিনদিন ধরে এখানে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের যেন শেষ নেই।
হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরবাসী পানিবন্দি অবস্থায় থাকলেও তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসছে না। সরকারি বা বেসরকারিভাবে কেউই তাদের সহায়তা করছে না।
এদিকে অতিবর্ষণে দেশের বৃহৎ সেচ প্রকল্প 'চাঁদপুর সেচ প্রকল্পের' হাইমচর উপজেলার বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. এ কে এম অলিউল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক'দিনের বর্ষণের কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে উপজেলার কোথাও তেমন বড় ধরনের সমস্যার খবর পাইনি।
বাগেরহাট
: শনিবারের সারাদিনের বৃষ্টি ও দুপুরে জোয়ারের পানিতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ, গোবরদিয়া ও পুঁটিমারী গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিসিক শিল্প এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। অসংখ্য চিংড়ি ঘের ভেসে গেছে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান জানান, দুপুরের জোয়ারের পানিতে ৩৫/৩ পোল্ডারের রাধাবল্লভ গ্রামের বড় একটি অংশ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ভৈরব নদে জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এ বেড়িবাঁধ উপচে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে এবং অন্তত ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।
বাগেরহাট জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি ইলিয়াস মাহমুদ জানান, জেলার মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও বাগেরহাট সদর উপজেলার কয়েকশ চিংড়ি ঘের ভেসে গেছে। তবে এতে চাষীদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি জানাতে পারেননি।
বাগেরহাট কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুর গফুর বলেন, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা ও চিতলমারী উপজেলার ফসলী জমির মাঠ পানিতে নিমজ্জিত হয়েছে। এতে আউশ, বোনা আমন, সবজি এবং পানের বরাজ পানিতে তলিয়ে আছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রহমান জানান, জোয়ার ও টানা বৃষ্টির পানিতে জেলার বিভিন্ন উপজেলায় কিছু চিংড়ি ঘের ভেসে গেছে। তার হিসাব করা হচ্ছে বলে জানান তিনি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহর আলী বলেন, মোরেলগঞ্জ উপজেলার নিচু এলাকার কিছু চিংড়ি ঘের ভেসে গেছে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেন বলেন, জোয়ারের পানির চাপে ও টানা বর্ষণের পানিতে নিন্মঞ্চল প্লাবিত হয়েছে। এতে বাঁধের কিছু অংশে ফাটল দেখা দিলে তা পানি উন্নয়ন বোর্ড স্থানীয় লোকজন নিয়ে মেরামত করেছে।
বরগুনা
: বরগুনার পাঁচটি উপজেলায় আরো ৯টি জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে গেছে। এনিয়ে গত ৩ দিনে বরগুনা ১৯টি জায়গায় প্রায় ৩ কিলোমিটার বাঁধ ভেঙ্গে সহস্রাধিক বসতবাড়ি তলিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে বরগুনায় বিদ্যুৎ নেই। শুক্রবার রাত থেকে অবিরাম বর্ষণে ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানান, শুক্রবার রাতে বরগুনা সদর উপজেলার গুলিশাখালী, ফালিশাতলী, উরবুনিয়া, বালিয়াতলী, নলী, আমতলী উপজেলার হলদিয়া, বেতাগী উপজেলার দক্ষিন ভোলানাথপুর, কালিকাবাড়ি ও গাবতলী এলাকায় নতুন করে বাধ ভেঙ্গে গেছে।
তিনি জানান, এর আগে বরগুনা সদর উপজেলার বুড়িরচর, নিশানবাড়িয়া, তালতলীর তেতুলবাড়িয়া, আমতলীর পশ্চিম ঘটখালী, পাথরঘাটার পদ্মা, তাফালবাড়ি, মীরা বাড়ি, বেতাগীর আলিয়াবাদ, বামনার খোলপটুয়া ও রামনায় বাঁধ যায়। সব মিলিয়ে প্রায় তিন কিলোমিটার এলাকার বাঁধ ভেঙ্গে সহস্রাধিক বসতবাড়ি পানিতে তলিয়ে আছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইয়ার আলী ও আমতলী উপজেলার দায়িত্বে উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন জানান, আইলার পরে বাঁধগুলো পুনর্র্নিমাণ করা হলেও মাটি শক্ত হতে পারেনি। তাই পানির চাপ সামাল দেওয়া যাচ্ছে না।
বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সগির হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পানিতে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় জেলার সাথে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। অবস্থার উন্নতি না হলে বাস চলাচল সম্ভব হবে না।
বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আবু ইউনুছ জানান, ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে কখন সংযোগ দেয়া যাবে এ ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, ভাঙ্গা বাঁধগুলো মেরামতের জন্য সাড়ে ১২ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ১৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।
তবে চাল বরাদ্দ করা হলেও পানিতে ডুবে থাকায় কোনো বাঁধই মেরামত করা যাচ্ছে না বলে জানান জেলা প্রশাসক।
বরিশাল
: বরিশালের নিম্নাঞ্চলে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নগরীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম তিনটি খালেই বাঁধ দিয়ে ব্রিজ তৈরির কারণে এলাকার মানুষ পড়েছেন ভোগান্তিতে।
শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৩টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদী বন্দর এলাকায় ২নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রগ্রাফি বিভাগের গেইজ রিডার শহিদুল ইসলাম জানান, নদীর পানি কমতে শুরু করেছে। শুক্রবারের তুলনায় নদীর পানি ৩ সেন্টিমিটার কমেছে। দু'এক দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌ ট্রাফিক পরিদর্শক সোহরাব হোসেন জানান, ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যরে সব লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ৬৫ ফিটের নিচের দু'টি লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রাতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে বলে তিনি জানান।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বরিশাল নগরীর পলাশপুর, বেলতলা, হাটখোলা, ষ্টেডিয়াম বস্তি, রূপাতলী, ডেফুলিয়া ও ধানগবেষনা এলাকার কয়েক হাজার মানুষ এখন পানিবন্দি।
বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের কন্টোল রুম থেকে জানানো হয়, জেলার উজিরপুর, বানারীপাড়া, বাকেরগঞ্জ, সদর, মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এই সব এলাকার কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা মাহমুদুর রহমান সজিব বলেন, নগরীর আমানতগঞ্জ এলাকার পলাশপুর ও হাটখোলা অংশের সংযোগ সেতুটি (পলাশপুর ১নং ব্রিজ) ভেঙে নতুন সেতু নির্মাণ করার উদ্যোগ নেয় বরিশাল সিটি কর্পোরেশন। এজন্য গত বছরের ডিসেম্বর মাসে সেতুর দুই পাশে মাটি ফেলে শক্ত বাঁধ তৈরি করা হয়। যার ফলে বন্ধ হয়ে গেছে খালটির পানি প্রবাহ।
খারাপ আবহাওয়ার কারণে চিন্তিত হয়ে পড়েছে খেটে খাওয়া দিন মজুররা।
নগরীর হাটখোল এলাকার দিন মজুর রহমাতুল্লাহ বলেন, "ঘরে মাইয়া পোলারা ভাতের লেইগ্যা কান্দে। বুড়া মা'ডার অসুক। ঘরের ভিতরে আবার পানি ঢোকছে। মুই এহন কই যামু। কামকাইজ সব বন্দ।"
সাতক্ষীরা
: জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার সীমান্ত নদী ইছামতিতে জোয়ারে পানির চাপ বৃদ্ধি পেয়েছে। ইছামতির পানি দেবহাটা উপজেলা ও সাতক্ষীরা সদর সীমান্তসহ বিভিন্ন এলাকায় হুমকি হয়ে দেখা দিয়েছে। জোয়ারে পানি ক্রমেই বাড়ছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মুজিবর রহমান জানান, সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে। তবে যেকোনো সময় দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর, কোমরপুর ও হাড়দ্দহা এলাকা প্লাবিত হতে পারে।
শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, পানির তোড়ে পদ্মপুকুরের পূর্বপাতাখালির বাজারের পাশের বাঁধে ফাটল দেখা দিয়েছে। এছাড়া কামালকাটি, দুর্গাবাটি ও ভামিয়া এলাকার বাঁধ বিপন্ন হয়ে পড়েছে।
সুন্দরবনের সীমান্ত নদী কালিন্দীর পানির চাপে নৈকাটিতে বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফায়েজ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বাঁধ ভাঙনের মুখে পড়েনি। তবে পানির চাপ আরও বাড়লে উপকূলীয় বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে।
নোয়াখালী
: নোয়াখালীর উপকূলীয় নিম্নাঞ্চলের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ, সুখচর, বুড়ির চর, জাহাজমারা, সোনাদিয়া, হরনী, চানন্দী, চর ঈশ্বর, নলচিরা ও তমরদ্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা গত চারদিন থেকে জলমগ্ন হয়ে আছে।
জেলা শহরের জজকোর্ট সড়ক, কোর্ট বিল্ডিং সড়ক, বড় সমজিদ সড়ক, সরকারি আবাসিক এলাকা, হাউজিং এস্টেট সহ অধিকাংশ এলাকায় হাঁটু পানি জমে আছে।
তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন বাবু জানান, কুরালিয়া গ্রামের বাঁধ ভেঙ্গে ৪টি গ্রাম প্লাবিত হয়েছে।
নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন জানান, দ্বীপের শতাধিক কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়া জোয়ারে ভেসে গেছে দেড় শতাধিক গরু-মহিষ।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ জানান, ত্রাণ সামগী নিয়ে সকালে তিনি নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে বিকেলের আগে তাদের পৌঁছা অনিশ্চিত।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, জোয়ারে চর এলাহী ইউনিয়নের নতুন বাঁধ ভেঙ্গে যাওয়ায় মৎস্য খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে বিধস্ত হয়েছে ১০টি কাঁচা ঘর।
নোয়াখালী রেডক্রিসেন্টের উপ-পরিচালক আজরদ্দিন সাবদার জানান, বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া ও নিঝুম দ্বীপের সাথে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র কুমার সরকার জানান, টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে জেলার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়লেও তাতে কৃষির কী পরিমাণ ক্ষতি হয়েছে সে হিসেব এখই নির্ণয় করা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২১৫৪ ঘ.
bdnews24