২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় নিখোঁজ এসআইয়ের লাশ উদ্ধার, মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে নিখোঁজ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির সিরাজীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

নারায়ণগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে নিখোঁজ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসির সিরাজীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও জখম করার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে মামলা দায়ের করেছে। মামলায় কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফাইজুল হক ডালিমকে হুকুমের আসামি এবং গ্রেপ্তারকৃত ৪ জনসহ ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে কালাপাহাড়িয়ার কদমীর চর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নাসিরের মৃত্যুর ব্যাপারে তার স্ত্রী কোহিনুর সিরাজী ঘটনার সময় উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্যে সন্দেহ পোষণ করে তদন্ত দাবি করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার ভোর থেকেই পুলিশ ট্রলার নিয়ে নদীতে নাসিরের খোঁজ করতে থাকে। এছাড়া ঢাকা থেকে দমকল বাহিনীর ডুুবুরি দলও নদীতে তল্লাশি চালায়। কিন্তু দুর্যোগপূণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যহত হয়। দুপুর আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় লাশ ভেসে উঠে। এসআই নাসিরের বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার সঙ্গে থাকা পিস্তল, ২ টি মোবাইল ফোন, কিছু টাকা ও কাগজপত্র লাশের সাথেই পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদিকে কোহিনুর সিরাজী বলেন, আমার স্বামী গ্রামবাসীর হামলার শিকার হয়ে মেঘনা নদীতে পড়েনি। তাকে তার সহযোগী পুলিশ সদস্যরা ও তাদের সাথে থাকা ব্যক্তিরা হত্যা করে নদীতে ফেলে দিয়ে থাকতে পারে। নাসিরের মেয়ে নাহিদা সুলতানা পিঞ্জর জানান, জীবিত থাকতে তার আব্বা তাদের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তার কিছু সহকর্মী ও লাল মিয়া হত্যা মামলার বাদীপক্ষ তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। নিহতের স্ত্রী, ছেলে ও মেয়ে এ ঘটনার উপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। নিহত এসআইয়ের সঙ্গে থাকা অস্ত্র ও গুলি খোয়া যায়নি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া কদমীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় লাল মিয়া হত্যা মামলার আসামিসহ ৪ জনকে। তাদের নিয়ে ট্রলারযোগে ফেরার পথে আসামিপক্ষের ৪০/৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বালুবাহী নৌযান (বাল্কহেড) যোগে এসে পুলিশের উপর হামলা চালায় এবং আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, টেঁটা, জুইত্যা ও বল্লম নিক্ষেপ করতে থাকে। পুলিশ অবস্থা বেগতিক দেখে হামলাকারীদের লক্ষ্য করে ১৪ রাউন্ড গুলি ছোঁড়ে। হামলাকারীরা এক পর্যায়ে পালিয়ে যায়। হামলায় এসআই রফিকুল ইসলাম ও আহসানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। ট্রলার থেকে পড়ে এসআই নাসির সিরাজী নিখোঁজ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪০ ঘ.