সাভার, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম)- সন্ত্রাসী হামলার পর প্রায় চার দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে মারা গেলেন সাভারে আওয়ামী লীগের সাবেক সাংসদ মরহুম সামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান মজলিশ মেহের (৬৩)।
পুলিশ জানায়, রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) শুক্রবার মধ্যরাতে মারা যান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সামরিক হাসপাতালে তাকে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়েছিলো। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
গত মঙ্গলবার সকালে সাভার থানার পাশে দক্ষিণ পাড়া এলাকায় নিজ বাড়ির দোতলায় মেহেরকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার পেটে ছুরিকাঘাত করে ও গলায় ছুরি চালায়। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে হত্যার চেষ্টা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে মেহেরের নাতজামাইসহ চার জনকে ওই দিনই আটক করে পুলিশ।
এরা হলো নাতনী সুরাইয়া তানজিন তিলোত্তমার স্বামী আবুল কালাম, কালামের খালাতো ভাই মো. সেলিম, বাড়ীর গৃহপরিচারিকা সরলা সরকার ও তার স্বামী হরিপদ সরকার।
তবে ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা খুঁজে না পাওয়ায় মো. সেলিম ও সরলা সরকারকে বুধবার ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার কালাম ও হরিপদকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে থানায় নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, রিমাণ্ডের দ্বিতীয় দিন শনিবার জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।
মেহেরের ভাগ্নে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাভার অধচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০১ ঘ.
bdnews24