২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ২০

ঝিনাইদহ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঝিনাইদহ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় এক জন নিহত ও ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। শনিবার সকালে উপজেলার সুরাট ইউনিয়নের দক্ষিণ কাষ্টসাগরা গ্রামে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। নিহত জামিরুল ইসলাম জোয়ার্দ্দার (৪০) দক্ষিণ কাষ্টসাগরা গ্রামের ইজাহার জোয়ার্দ্দারের ছেলে। বিএনপি জেলা কমিটির সভাপতি মশিউর রহমান তাকে দলের কর্মী ও যুবদলের নেতা বলে দাবি করেছেন। আহতদের মধ্যে ১৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান জোয়ার্দ্দারের (মঞ্জুরুল জোয়ার্দ্দার) সমর্থকরা সকাল ১০টার দিকে দক্ষিণ কাষ্টসাগরা প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কবীর হোসেন কেবির সমর্থকরা রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত জামিরুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার ভাই আমিরুল জোয়ার্দ্দারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর পরই র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসপি। কাষ্টসাগরা গ্রামের মামুন জোয়ার্দ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২-৩ দিন ধরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কবীর হোসেন কেবি'র সমর্থকরা তাদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করে আসছিলো। প্রশাসনের আশ্বাস পেয়ে তারা ভোট কেন্দ্রে যচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ দলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোটারদের উপর হামলা চালায়। এদিকে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান জোয়ার্দ্দার (মঞ্জুরুল জোয়ার্দ্দার) এক বিবৃতিতে সহিংস ঘটনার পর ভোটগ্রহণ স্থগিত রাখার দাবি জানিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, সহিংসতার ঘটনা ঘটেছে ভোটকেন্দ্রের বাইরে। ফলে কেন্দ্র স্থগিত করার প্রশ্নই আসে না। তিনি জানান, এই ইউনিয়নে নির্বাচনে বিকাল ৪টা পর্যন্ত স্বাভাবিক ভোটগ্রহণ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস কেএমএস/১৮০৬ ঘ.