শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির সঙ্গে বাংলাদেশে সমরাস্ত্র আমদানি ব্যয় বাড়ছে। এক্ষেত্রে শীর্ষ রপ্তানিকারক দেশ চীন।
অস্ত্র ও গোলা-বারুদ আমদানিতে গত অর্থবছরে যে ব্যয় হয়েছে তা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১০ লাখ ডলার বেশি।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, ২০০৯-১০ অর্থবছরে দুই কোটি ৪৬ লাখ ১০ ডলারের অস্ত্র-গোলা-বারুদ ও সমর যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। এর আগের অর্থবছরে এ খাতে আমদানি ব্যয় ছিলো দুই কোটি ৩৭ লাখ ১০ হাজার ডলার।
এর মধ্যে শুধু চীন থেকে আমদানি করা হয়েছে এক কোটি ৭০ লাখ ডলারের সমরাস্ত্র। ২০০৮-০৯ অর্থবছরে দেশটির রপ্তানির পরিমাণ ছিলো এক কোটি ডলার মূল্যের অস্ত্র ও গোলা-বারূদ। ওই অর্থবছরে বাংলাদেশে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিলো ছয় হাজার তিনশ ছয় কোটি টাকা যা মোট বাজেটের ৬.৪ শতাংশ।
চীন থেকে আমদানির হার বাড়লেও কমেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া থেকে আমদানির হার। ২০০৮-০৯ অর্থবছরে এই চারটি দেশ থেকে ৭৪ লাখ ডলারের সমরাস্ত্র আমদানি করা হয়েছিলো। তবে পরের বছর তা কমে দাঁড়ায় মাত্র এক লাখ ১০ হাজার ডলারে।
২০১১-১২ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী বোমা, গ্রেনেড, টর্পেডো, মাইন, ক্ষেপণাস্ত্র, রিভলভার, পিস্তল ও বিস্ফোরক আমদানির ওপর শতভাগ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছেন।
নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দুই হাজার ৭৭৬ কোটি টাকা বাড়িয়ে ১১ হাজার ৯৫৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের ৭.৩ শতাংশ।
চলতি বাজেটে এ খাতে যে বরাদ্দ রয়েছে তা এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেটের ৬.৯ শতাংশ। অবশ্য সংশোধিত বাজেটে এই ব্যয় নয় হাজার ১৭৯ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়ায় নয় হাজার ৩২২ কোটি টাকা।
আগামী অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিরক্ষা খাতকে আধুনিক করায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, "দেশের প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধিতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কোনো বিকল্প নেই।"
"বিগত বাজেট বক্তৃতায় আমাদের ঘোষিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ হিসেবে আমরা তিন বাহিনীর অপারেশনাল সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধিকল্পে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিনির্ভর সমরসম্ভার সংগ্রহ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টাও অব্যাহত রাখা হয়েছে", যোগ করেন তিনি।
অর্থমন্ত্রী জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন বাহিনীর প্রায় নয় হাজার সদস্য নিযুক্ত রয়েছেন।
"আমাদের সশস্ত্র বাহিনী শুধু দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেনি, অর্থনীতিতেও তারা উল্লেখযোগ্য অবদান রাখছে", যোগ করেন তিনি।
ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর সদস্যরা সুনামের সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করবে বলে আশা প্রকাশ করেন মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২১২৬ ঘ.
bdnews24