২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার জজকে বিচারকাজে বিরত থাকার নির্দেশ

একটি হত্যামামলা খারিজ করে দেওয়ার ঘটনায় বগুড়ার জেলা ও দায়রা জজের ভূমিকা তদন্ত এবং এই সময়ে তাকে বিচারকাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যামামলা খারিজ করে দেওয়ার ঘটনায় বগুড়ার জেলা ও দায়রা জজের ভূমিকা তদন্ত এবং এই সময়ে তাকে বিচারকাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ওই আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি তিন আইনজীবীকেও সাময়িক অব্যাহতি দিতে বলা হয়েছে। বৃস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। দৈনিক ডেসটিনিতে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার স্বপ্রণোদিত হয়ে একই বেঞ্চ বগুড়ার জেলা ও দায়রা জজ মফিজুল ইসলাম ও ওই আদালতের সঙ্গে সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিনকে বৃহস্পতিবার আদালতে তলব করে। জজ মফিজুল ইসলাম এবং পিপি আব্দুল মতিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হলে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয়। পরে হাইকোর্ট বেঞ্চ জেলা জজের ভূমিকা তদন্ত করার জন্য আইন সচিবকে নির্দেশ দেয়। তদন্তকালীন জজকে বিচার কাজ থেকে বিরত থাকারও নির্দেশ দেয়। এছাড়া তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত সরকারি তিন আইনজীবী পিপি আবদুল মতিন, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোদা বকশ তালুকদার ও খায়রুল বাশারকে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে আদালত ওই ঘটনায় তাদের ভূমিকা তদন্ত করতে আইন সচিবকে নির্দেশ দিলেও এর কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। দৈনিক ডেসটিনিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, '২০০৭ সালের ২৯ ডিসেম্বর ডা. এম এম ইয়াতিমুল হক শুভ্র বগুড়ার কাহালু উপজেলার ইসবপুর টুপিপাড়া এলাকায় প্রথম স্ত্রী জুলেখা খাতুনের বাড়িতে খুন হন। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে প্রথম স্ত্রী জুলেখা খাতুনসহ ১১জনকে আসামি করে কাহালু থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর জুলেখা খাতুন সাক্ষীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেন। তবে জুলেখা ও আঞ্জুয়ারার মধ্যে আদালতের বাইরে আপোষ হওয়ায় জেলা ও দায়রা জজ মফিজুল ইসলাম শুনানির দিন মামলাটি খারিজ করে দেন।' এতে আরো বলা হয়, ওই আপোষ মীমাংসার কারণে শুভ্র হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পাঁচ আসামি পার পেয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর রহস্যজনক ভূমিকায় শুনানির দিন হত্যা মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/কেএমএস/১৭৫৫ ঘ.