ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত রুল জারি করার আগে রুমানা মঞ্জুরের স্বামী হাসান সাইদ গ্রেপ্তার না হওয়ায় সংশ্লিষ্ট তিন পুলিশ কর্মকর্তাকে তিরস্কার করেছে হাইকোর্ট।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরকে নির্যাতনের ঘটনা আরো এক মাস পর্যবেক্ষণে রাখা হবে।
এই বেঞ্চের আদেশে পুলিশের ধানমণ্ডি সার্কেলের সহকারী কমিশনার (এসি) শরিফুর রহমান, ধানমণ্ডি ওসি মো. মনিরুজ্জামান এবং রুমানার বাবার দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা মকবুল হোসেন বৃহস্পতিবার আদালতে হাজির হন। তারা জানান, ওই মামলার আসামি হাসান সাইদকে গ্রেপ্তার করা হয়েছে।
শুনানি শেষে আদালত তিন পুলিশ কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী এক মাসের মধ্যে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়।
গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতে নেওয়া হয় রুমানাকে। তাকে চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন।
ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে একটি মামলা করেন। ঘটনার পর ১০ দিনেও মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় বুধবার একই বেঞ্চ একটি রুল জারি করে।
রুলে ওই তিন পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আসামি গ্রেপ্তার না হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়। এই রুল জারির তিন ঘণ্টার মাথায় বুধবার বিকালেই হাসানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার আদালতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। রুমানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট এলিনা খান।
এলিনা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন পুলিশ কর্তকর্তা হাজির হওয়ার পর আদালত আসামি গ্রেপ্তারে বিলম্বের কারণ জানতে চায়। তবে অভিযুক্ত ইতোমধ্যে গ্রেপ্তার হওয়ার তারা (পুলিশ কর্মকর্তা) আপাতত ছাড়া পেয়েছেন। আগামী এক মাস মামলার পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করবে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/জেকে/১৩৩০ ঘ.
bdnews24