সাভার, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে সোয়েটার তৈরির একটি কারখানায় মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে বুধবার শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
পুলিশ জানায়, সাভারের কলমা এলাকায় 'হট ড্রেস লিমিটেড' কারখানায় শ্রমিকরা সকাল ১০টার দিকে বিক্ষোভ করে।
এদিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে 'আমরা এপারেলস লিমিটেড' নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলমা এলাকার হট ড্রেস লিমিটেড-এর শ্রমিকরা সকালে কারখানায় এসে ১৪ দফা দাবি তুলে বিক্ষোভ শুরু করে।
খবর পেয়ে পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়।
তিনি জানান, এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে সকাল ১০টার দিকে ওই কারখানা এবং আশপাশের ডাইনেস্টি সোয়েটার লিমিডেট, নিউ হরাইজন লিমিটেড, সেঞ্চুরি ফ্যাশন অ্যান্ড ডিজাইন লিমিডেট কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।
পরে বেলা ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এই কারখানাগুলোর শ্রমিকরা পুনরায় এসে কাজে যোগ দেয়। তবে শ্রমিকদের উপস্থিতি কম ছিলো।
হট ড্রেস লিমিটেড কারখানার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবি অযৌক্তিক। তাই যে সব শ্রমিক কাজ করবে না তাদের চলে যেতে বলা হয়েছে। আর যারা কাজ করবে তাদের কাজে যোগ দিতে বলা হয়।
তিনি বলেন, অনেকেই চলে গেছে। তারাই বাইরে থেকে শ্রমিকদের উস্কে দিচ্ছে।
কারখানার শ্রমিক শামীম আহম্মেদ, ঝর্ণা বেগম, নিপা আক্তার, আমিনুল ইসলামসহ অনেকে জানান, ১৪ দফা দাবি না মানলে কঠোর আন্দোলন করা হবে।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাগুলোতে স্বাভাবিক কাজ চলছে। তবে ডিইপিজেড নতুন জোনে ভারতীয় মালিকানাধীন পোশাক কারখানা 'আমরা এপারেলস লিমিটেড' কর্তৃপক্ষ অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মূল ফটকে নোটিশ ঝুলিয়েছে।
তিনি জানান, এ কারখানার শ্রমিকরা প্রতিমাসের বেতন ১০ তারিখের মধ্যে পরিশোধ, মানসম্মত ডাইনিং রুম, যাতায়াত ভাতা বাড়ানোসহ ১২ দফা দাবিতে গত পাঁচ দিন ধরে আন্দোলন করে আসছিলো। অবশেষে বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে মূল ফটকে বন্ধের নোটিস ঝুলানো দেখে বাড়ি চলে যায়।
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শিল্প পুলিশের পাশাপাশি অতিরিক্ত থানা পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ফয়েজুল কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/২০৪৩ ঘ.
bdnews24