২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ৩ ইউপিতে সহিংসতায় নিহত ১, আহত ৩৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তিন ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত ও অন্তত ৩৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

গোপালগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তিন ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত ও অন্তত ৩৪ জন আহত হয়েছে। নিহত খোদেজা বেগম (৫৫) উপজেলার গোহালা ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের তোতা মিয়া শেখের স্ত্রী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলার গোহালা, উজানী ও কাশালিয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। উপজেলার সিন্ধয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, গোহালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরাজিত সাধারণ সদস্য প্রার্থী সালাম দর্জির সমর্থকরা বিজয়ী সদস্য বাদশা দর্জির সমর্থক যাত্রবাড়ী গ্রামের তোতা মিয়া শেখ ও মোতালেব শেখের বাড়িতে সকাল ১০টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ভয়ে ও আতঙ্কে তোতা ও মোতালেব বাড়ির পাশের পাট ক্ষেতের মধ্যদিয়ে পালিয়ে যায়। আব্দুর রাজ্জাক বলেন, হামলাকারীরা তখন দুই পরিবারের নারীদের ওপর হামলা চালায়। তারা লাঠি দিয়ে পিটিয়ে ও পদদলিত করে ঘটনাস্থলেই খোদেজাকে হত্যা করে। এ সময় ওই দুই পরিবারের রেনু বেগম (৪৫), মুন্নি খানম (১৪), সেলিনা আক্তার (২০), ইমদাদুল শেখ (২০), কবির শেখসহ (২৫) আটজন আহত হয়। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাহাজ উদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার সকাল ৯টার দিকে উজানী ইউনিয়নের মহাটালী গ্রামে পরাজিত চেয়ারম্যান প্রার্থী শ্যামল কান্তি বোসের সমর্থকরা বিজয়ী চেয়ারম্যান দীনেশ মন্ডলের সমর্থক রায় বাড়ি, দাস বাড়ি ও মন্ডল বাড়িতে অতর্কিতে হামলা করলে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়। আহত নিরুপমা মন্ডল (৪৫), রাধা রায় (২০), ইতি মন্ডল (৪৫), পলাশ মন্ডল (২৮), ফটিক দাস (৫৫), হংস মন্ডল (৪৫), মৃত্যুঞ্জয় (৩৪), অনাদী মন্ডল (১১), পরেশ মন্ডল (৪২), দয়াল মন্ডল (২৮), বাদল মন্ডলকে (৫৫) কাশিয়ানী ও সন্তোষ মন্ডল (২৭) ও বাবুল মন্ডলকে (২৮) ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে কাশালিয়া ইউনিয়নের পরাজিত সদস্য প্রার্থী হেমায়েত মুন্সির সমর্থকরা বিজয়ী সদস্য বিল্লাল মোল্লার সমর্থক আব্দুর রউফকে (৬০) কুপিয়ে মারাত্মক জখম করে। বুধবার সকাল ১০টার দিকে কাশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান এসআই বাহাজ উদ্দিন। মঙ্গলবার এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। মুকসুদপুর থানার ওসি কেএম লিয়াকত আলী বলেন, এব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৮২২ ঘ.