২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট বিচারপতিদের বেতন পুনর্নির্ধারণ করুন: হাইকোর্ট

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন-ভাতা দিতে বলেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন-ভাতা দিতে বলেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ একটি রুলের চূড়ান্ত শুনানি শেষে এই নির্র্দেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী গত ২০ মার্চ হাইকোর্টে ওই রিট দায়ের করেন। রিটের শুনানি করে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী বিচারপতিদের বেতন-ভাতা কার্যকর করার নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে দু সপ্তাহ সময় দিয়ে ওই দিনই রুল জারি করে আদালত। এই রায় কার্যকর হলে প্রধান বিচারপতি এক লাখ টাকা মূল বেতনসহ সর্বমোট এক লাখ ৫২ হাজার টাকা পাবেন। আপিল বিভাগের বিচারপতি ৯০ হাজার টাকা মূল বেতনসহ এক লাখ ২৩ হাজার টাকা পাবেন। হাইকোর্টের একজন বিচারপতি ৮০ হাজার টাকা মূল বেতনসহ এক লাখ আট হাজার টাকা পাবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ নম্বর উপ-কমিটি গত ২০০৯ সালের ১১ জুন, একই বছরের ০৯ ডিসেম্বর এবং ২০১০ সালের ১১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের উল্লেখিত হারে বেতন দিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। এছাড়া ২০০৯ সালের ৩১ মে আপিল বিভাগের তৎকালীন বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি কমিটি একই ধরণের সুপারিশ করে। ২০১০ সালের ১৪ ফেব্র"য়ারি অর্থ মন্ত্রণালয় প্রধান বিচারপতির বেতন ৩০ হাজার পাঁচশ' টাকা থেকে বাড়িয়ে ৫৬ হাজার টাকা, আপিল বিভাগের বিচারপতির বেতন ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৩ হাজার একশ' টাকা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতির বেতন ২৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার টাকা করে। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। আদালতে মনজিল মোরসেদ বলেন, সংসদীয় কমিটির সুপারিশ অর্থ মন্ত্রণালয় পাশ কাটাতে পারে না। কারণ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিচারপতিরা বাংলাদেশের বিচারপতিদের তুলনায় দ্বিগুণ বেতন পান। "বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিচারপতিরা স্বচ্ছল না হলে বিচার কাজ ব্যাহত হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৭৫৯ ঘ.