২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানার স্বামী সাইদ গ্রেপ্তার

রুমানা মঞ্জুরের স্বামী হাসান সাইদ গ্রেপ্তার হয়েছেন। তিনি বলেছেন, ফেইসবুক কেন্দ্র করে ধস্তাধস্তিতে তার স্ত্রী আহত হতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুমানা মঞ্জুরের স্বামী হাসান সাইদ বলেছেন, ফেইসবুক বন্ধুতালিকা থেকে একজনের নাম মুছে ফেলা নিয়ে ধস্তাধস্তিতে তার স্ত্রী আহত হতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক রুমানাকে নির্যাতনের ঘটনায় বুধবার দুপুরে গ্রেপ্তার হওয়ার পর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সাইদ। দুপুর সোয়া ২টার দিকে হাসানকে রাজধানীর উত্তর মুগদায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিকালে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তাকে নিয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। গত ৫ জুন ধানমণ্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা। এরপর তাকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভারতে নেওয়া হয় রুমানাকে। তাকে চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে ভর্তি করার কথা। ঘটনার পরদিন রুমানার বাবা মঞ্জুর হোসেন ধানমণ্ডি থানায় হাসান সাইদকে আসামি করে একটি মামলা করেন। 'চোখে ভালো দেখতে পাই না' গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাইদ সাংবাদিকদের বলেন, আদালতে আত্মসমর্পণ করার জন্য বুধবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছে এক আত্মীয়ের বাসায় ওঠেন তিনি। আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ৫ জুনের ঘটনা প্রসঙ্গে সাইদ বলেন, বিকালে ধানমণ্ডির বাসায় রুমানার ফেইসবুক বন্ধুতালিকা থেকে এক ইরানি বন্ধুর নাম মুছে ফেলা নিয়ে তার সঙ্গে ঝগড়া হয়। এর এক পর্যায়ে রুমানা তার ওপর ঝাঁপিয়ে পড়েন- এমন দাবি করে সাইদ বলেন, এ সময় তার চোখ থেকে চশমা পড়ে যায়। "আমি চোখে ভালো দেখতে পাই না। ধস্তাধস্তির কারণে ও [রুমানা] আহত হয়ে থাকতে পারে।" ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মুনিরুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য হাসান অনেক কাহিনী বলার চেষ্টা করবেন। তবে এখন বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে, সব বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। এ জন্য তাকে আদালতে হাজির করে হেফাজত (রিমান্ড) চাওয়া হবে জানান মুনিরুল। ঢাকা-চট্টগ্রামে একই সময়ে অভিযান' ধানমণ্ডি থানায় মামলার পর থেকেই গোয়েন্দা পুলিশের দুটি বিশেষ দল মাঠে নামে জানিয়ে উপ-কমিশনার বলেন, গত ৫ জুন থেকে হাসানকে গ্রেপ্তারের জন্য এই দুটি দল চেষ্টা চালিয়ে আসছিলো। চট্টগ্রাম ও উত্তর মুগদায় একই সময় অভিযান চালানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান জানান, প্রেম এবং বিয়ে নিয়ে তাদের সম্পর্ক প্রায় ১৬/১৭ বছর। "এই দীর্ঘ সময়ের সর্ম্পক কানাডায় মাত্র নয় মাস রুমানার বসবাসের কারণে শেষ হয়ে গেল।" পড়াশুনার প্রয়োজনে রুমানা গত বছরের অগাস্ট মাসে কানাডায় যান। সেখানে ইরানি এক যুবকের সঙ্গে তার সর্ম্পক হয়- এ দাবি করে হাসান বলেন, "গত ৫ মে সে দেশে ফেরার পর বিষয়টি জানতে পারি। "ইরানি যুবকের সঙ্গে সম্পর্ক না রাখতে তাকে অনুরোধ করি। গত ৫ জুন রুমানা ফেইসবুক খুলে বাথরুমে গেলে তার ফেইসবুকের বন্ধুতালিকা থেকে ইরানি ওই যুবকটির নাম মুছে ফেলি। বাথরুম থেকে ফিরে এসে এ কারণে সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।" হাসান অভিযোগ করেন, রুমানা তাকে ঘুমের ওষুধ খাইয়ে একবার মেরে ফেলার চেষ্টা করেছিল। এ জন্য দুইদিন তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। ধানমণ্ডি থানায় করা মামলায় রুমানার বাবা অভিযোগ করেছেন, কানাডা থেকে আসার পর রুমানাকে আর কানাডার না যেতে হাসান চাপ দেয়। অথচ তার অক্টোবর মাসে থিসিস জমা দেওয়ার জন্য কানাডায় যাওয়ার কথা রয়েছে। কানাডায় যাওয়া-না-যাওয়া নিয়ে গত ২১ মে রুমানাকে মারধরও করেছিল হাসান। এর পরেই গত ৫ জুন মারধরের ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/পিডি/জিএনএ/১৯৩১ ঘ.