২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৩ মামলা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় মঙ্গলবার রাতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানকালে গুলিতে এক স্কুলছাত্র নিহত ও দুই জন আহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

নারায়ণগঞ্জ, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলায় মঙ্গলবার রাতে র‌্যাবের মাদকবিরোধী অভিযানকালে গুলিতে এক স্কুলছাত্র নিহত ও দুই জন আহত হওয়ার ঘটনায় তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। নিহত স্কুল ছাত্র শুভর মা রহিমা বেগম মঙ্গলবার গভীর রাতে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে স্থানীয় 'সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী' মনির হোসেন, সোহেল, আরিফ ও গুল্লুর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১০/১২ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার বউবাজার এলাকায় র‌্যাব-১০ একটি দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষের সময় গুলিতে শুভ (১৪) নিহত হয়। সে পাগলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় শুভর ছোট ভাই পাগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র সোহাগ (৯) ও পাগলা উচচ বিদ্যালয়ের নবম শ্রেণীর আরেক ছাত্র বাদল (১৪) গুলিবিদ্ধ হয়। মামলায় অভিযোগ করা হয়, মনির ও তার সহযোগীরা কাছ থেকে অস্ত্র ঠেকিয়ে শুভকে গুলি করে। অন্যদিকে রাতে র‌্যাব-১০ এর সার্জেন্ট সাইফুল ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, সন্ত্রাসীদের গুলিতে এক স্কুল ছাত্র নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছে। মামলার এজাহারে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলা হয়, র‌্যাব মাদক বিরোধী অভিযান চালাতে গেলে আলী হোসেন গ্র"পের ১০/১২ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য র‌্যাব এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ছুরি, একটি কিরিচসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে র‌্যাবের ক্যাপ্টেন নাহিদ জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে হৃদয় ও সাইফুল নামের দুই জনকে আটক করেছেন তারা। নিহত শুভর মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সোহাগ। এছাড়া গুলিবিদ্ধ বাদলকে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/পিডি/০০৪০ ঘ.