২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, মামলা

বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ জনের কাছ থেকে পঁচাত্তর লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ জনের কাছ থেকে পঁচাত্তর লাখ টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের ৪৪ ব্যাটালিয়নের সৈনিক করিম ওরফে মমতাজসহ ৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর থানার ধুবুইল গ্রামের মো. ইমরান হোসেন (২২) বাদি হয়ে মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। বাদির জবানবন্দী গ্রহণের পর মহানগর হাকিম মোসাম্মৎ জয়নব বেগম মামলাটি নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসাবে গন্য করার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন পাবনা জেলার চাটমোহরের কুমারগাড়া গ্রামের মো. জালাল উদ্দিন (৪৫), রাজধানীর ৩৩/৩, নূরজাহান রোড, মোহাম্মদপুরের সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী কুদ্দুস ওরফে ফিরোজ (৪৮), ক্যান্টনমেন্ট থানার ১৩২, মানিকদী বাজারের আকতার হোসেন (৪৫) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গাজীপুর গ্রামের মেজর পরিচয় দানকারী শরীফ ওরফে শফিক (৪৫)। মামলায় বলা হয়, আসামিগন ২০১০ সালের ১৫ অক্টোবর দৈনিক প্রত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবিতে চাকরি দেওয়ার নাম করে এ বছরের ৬ জানুয়ারি থেকে ২৪ ফেব্র"য়ারি পর্যন্ত বাদিসহ পঞ্চাশ জনের কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে হাতিয়ে নেয়। আসামিরা বিজিবির ৭৯ তম ব্যাচে জালিয়াতির মাধ্যমে বাদিসহ পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয়। পরে আসামিরা বাদিসহ অন্যদেরকে এ বছরের ১৭ ফেব্র"য়ারি তারিখে একটি করে চিঠি পাঠায়। যে চিঠি ১ মার্চ তারিখে বাদির হাতে আসে। চিঠিতে বাদিসহ প্রতরণার শিকারদেরকে উল্টো বলা হয়, আপনি প্রতারক চক্রের সদস্যদের দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ রাইফেলসে নিয়োগ দিতে বাধ্য করেন। এটা সামরিক বাহিনীর দণ্ডবিধির ৩০৬/গ ধারা মোতাবেক রাষ্ট্রবিরোধী কাজ। এ কাজের জন্য জড়িত লোকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া গেল। চিঠির এ বক্তব্যের নিচে কর্নেল পরিচয় দিয়ে এস এম একরামুল হক, পরিচালক, প্রশাসন বলে স্বাক্ষর দেখানো হয়। মামলার আরজিতে বলা হয়, পরে বাদি বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য গত ২৬ এপ্রিল তারিখে ঢাকায় পিলখানা সদর দপ্তরে যান। সেখানে বাদি বর্তমান বিজিবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে বিষয়টি সুরাহার জন্য সাহায্য চান। সেখানে লে. কর্নেল আতিকুজ্জামান তাকে বলেন, এটা সুপরিকল্পিত জালিয়াতি। সেখানে অনুসন্ধানের সময় তিনি সৈনিক করিমকে দেখতে পান। প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে টাকা নেয়ার সময় যার পোষাকের ব্যাজে মমতাজ নাম লেখা ছিল। আরজিতে প্রতারণার শিকার কয়েকজনকে সাক্ষী করা হয়েছে। বাদি পক্ষে আইনজীবী ছিলেন মো. জিয়াউল হক জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২৩৩৭ ঘ.