ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুই ব্লকে গ্যাস উত্তোলনে মালিকানা অক্ষুন্ন রেখে বাপেক্স ও পেট্রোবাংলাকে যুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস রক্ষা কমিটি।
মঙ্গলবার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
সরকার খরচের দোহাই দিয়ে এই চুক্তির ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চাইছে- এ কথা উল্লেখ করে তিনি বলেন, কনকো-ফিলিপস এক্ষেত্রে অন্যদের সাব-কন্ট্রাক্ট দিয়ে মধ্যস্বত্ত্বভোগী হিসেবে কাজ করবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও পেট্রোবাংলার সক্ষমতা বিকাশে প্রয়োজনীয় পুঁজি বিনিয়োগ, যন্ত্রপাতি সমৃদ্ধকরণ ও জনসম্পদের বিকাশ সাধনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রণন এবং এর জন্য বাজেটে নির্দিষ্ট বরাদ্দের দাবিও তুলেছে এই কমিটি।
কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করা সরকারের উচিত হবে না বলে সোমবার জাতীয় সংসদে মন্তব্য করেন মহাজোট সাংসদ রাশেদ খান মেনন।
সরকারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনার কথা উল্লেখ করে এই সাংসদ বলেন, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
"এটি একটি পরিহাস যে, সরকার যখন এলএনজি আমদানির পরিকল্পনা করছে, ঠিক তখনই গ্যাস রপ্তানির শর্তে একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে।"
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে কনোকো-ফিলিপসের সঙ্গে ১৬ জুন চুক্তি হবে বলে গত ৭ জুন জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
এর প্রতিবাদে মঙ্গলবারের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয় তেল-গ্যাস রক্ষা কমিটি।
পুলিশি বাধার মুখে তারা জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করতে পারেনি।
'পাঁচশ বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্ট'
কনকো-ফিলিপসের মধ্যস্বত্ত্বভোগী হিসেবে কাজ করা প্রসঙ্গে সমাবেশে আনু মুহাম্মদ বলেন, "আমরা কনকো-ফিলিপসের ওয়েবসাইট ঘেঁটে দেখেছি এই দুটি ব্লকে কাজ করতে কনকো-ফিলিপস আগামী পাঁচ বছরে একশ ১০ মিলিয়ন ডলার অর্থাৎ সাতশ ৭০ কোটি টাকা ব্যয় করবে।
"তারা [কনকো-ফিলিপস] অনেক কাজ অন্য বিভিন্ন কোম্পানি দিয়ে সাব-কন্ট্রাক্টের ভিত্তিতে করাবে। এখানে তাদের ভূমিকা কেবলই মধ্যস্বত্ত্বভোগীর।
তিনি বলেন, "এই পরিস্থিতিতে সরকারি কোনো প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্টের ভিত্তিতে এই কাজ করতে পারলে দেশের স্বার্থও রক্ষা হয়, আবার গ্যাসের ওপর নিজেদের নিয়ন্ত্রণও বজায় থাকে।"
অতীতে বাংলাদেশে বিভিন্ন সময়ে কাজ করা বিদেশি কোম্পানিগুলো প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ১৯৯৭ সালে মাগুরছড়া গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের সময় কাজ করছিলো যুক্তরাষ্ট্রের কোম্পানি অক্সিডেন্টাল, ২০০৫ সালে টেংরাটিলা বিস্ফোরণের সময় ছিলো কানাডিয়ান কোম্পানি নাইকো। এই দুই দুর্ঘটনায় প্রায় পাঁচশ বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্ট হলেও কোনোরকম ক্ষতিপূরণ দেয়নি তারা।
"পাঁচশ বিলিয়ন ঘনফুট গ্যাসের বর্তমান বাজার মূল্য ৩৬ হাজার কোটি টাকা যা বাংলাদেশের দুই অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দের সমান।"
গত ২৩ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যুক্তরাষ্ট্রভত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি অনুমোদন করে। এরপর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৬ জুন কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) করবে সরকার।
বিগত তত্ত্বাবধায়ক সরকার মডেল পিএসসি-২০০৮ প্রণয়ন করে। ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসকে নির্বাচিত করা হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24