২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশি হত্যার দায়ে লন্ডনে কারাদণ্ড ২ বাংলাদেশির

লন্ডনে বসবাসকারী এক বাংলাদেশিকে হত্যার দায়ে অন্য দুই বাংলাদেশিকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

লন্ডন, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনে বসবাসকারী এক বাংলাদেশিকে হত্যার দায়ে অন্য দুই বাংলাদেশিকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১০ সালের ১ ফেব্র"য়ারি ব্রাইটনের কাছে সিফোর্ড এলাকায় লন্ডন প্রবাসী আহমেদ রিমন হায়দারকে (২৭) হত্যার পর তার বাসায় ডাকাতি করে মোহাম্মদ আনহার (৩৩) ও শাহাদাত মোল্লা সোহাগ (২১)। নিহত রিমন ছিলেন আনহারের দূর সম্পর্কের ভাই । গ্রেপ্তারের পর আনহার এ ঘটনায় নিজের সম্পৃক্ততা আদালতে স্বীকার করেন গত বছরের ২৯ এপ্রিল। এ বছরের ৯ জুন একই ঘটনায় দোষী সাব্যস্ত হয় সোহাগ। লন্ডনের লুইস ক্রাউন কোর্ট বৃহস্পতিবার আনহারকে এবং পরদিন সোহাগকে একই সাজার আদেশ দেয়। নিহত রিমন জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক। সিফোর্ডের সাটন পার্ক রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির নিচতলায়ই তাদের 'মুন অব ইন্ডিয়া' রেস্তোরাঁ রয়েছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় রেস্তোরাঁটি চালাচ্ছিলেন রিমন। শুনানির সময় আনহার ও সোহাগ কীভাবে চুরি করতে গিয়ে রিমনকে বাড়িতে উপস্থিত পেয়ে নৃশংসভাবে হত্যা করে, তার বর্ণনা দেয়। গোয়েন্দা কর্মকর্তা অ্যাডাম হিউবার্ট সাংবাদিকদের বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যে অবস্থা পেয়েছিলো তা ছিলো সত্যিই ভয়াবহ। হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে পুরো বাংলাদেশি কমিউনিটির সহায়তা পাওয়ার কথাও স্বীকার করেন তিনি। বিচারক স্কট গ্যাল জানান, শুনানিতে আনহার অনুশোচনা প্রকাশ করলেও সোহাগের মনোভাবের কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং এ তরুণ বলেছে, পূর্বপরিকল্পিত চুরির সময় তাদের দুজনের হাতেই অস্ত্র ছিলো এবং কোনো দ্বিধা ছাড়াই তারা তা ব্যবহার করেছিলো। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রিমনের পরিবার। রিমনের ভাই রাহুল বলেন, "রায় ঘোষণার পর তা কার্যকর হওয়ায় আমরা খুশি এবং ন্যায়বিচার হয়েছে বলে আমরা মনে করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০৬ ঘ.