২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল বিরোধী মোর্চা গঠনের ঘোষণা চট্টগ্রাম আ.লীগের

চট্টগ্রামে হরতাল বিরোধী মোর্চা গঠন করে 'নৈরাজ্য' সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে নগর আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

চট্টগ্রাম, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হরতাল বিরোধী মোর্চা গঠন করে 'নৈরাজ্য' সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে নগর আওয়ামী লীগ। সোমবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে হরতাল বিরোধী এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, হরতাল জনস্বার্থের পরিপন্থী। হরতালের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি দেখিয়ে বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের ধংসাত্মক কার্যকলাপ মেনে নিতে পারি না। তিনি বলেন, "একাত্তর সালে মোর্চা গঠন করে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি। এবার দেশের স্বার্থে সর্বস্তরের জনগণকে নিয়ে হরতাল বিরোধী মোর্চা গঠন করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টিকারীদের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।" সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলার সহ-সভাপতি কামালউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি বখতেয়ার উদ্দিন খান, নগর কমিটির আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, যুবলীগ সভাপতি চন্দন ধর প্রমুখ। এর আগে হরতাল চলাকালে সোমবার সকাল থেকে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পাশাপাশি দিনভর নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হরতাল বিরোধী ছোট ছোট মিছিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২১৪৮ ঘ.