২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি সম্পাদক সেলিমের মায়ের মৃত্যু

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের মা নারীনেত্রী উম্মে হানি খানম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের মা নারীনেত্রী উম্মে হানি খানম মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে সোমবার সকালে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। মহিলা পরিষদের সাবেক সহসভানেত্রী উম্মে হানির বয়স হয়েছিলো ৮৫ বছর। মুজাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মা এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ছিলেন। উম্মে হানি খানম এক ছেলে ও আট মেয়ে রেখে গেছেন। সোমবার বাদ আসর ফকিরাপুল বাইতুস সালাম মসজিদে তার জানাজা হয়। তাকে সাভারে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে বলে জানান সেলিম। উম্মে হানির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন তিনি। উম্মে হানির মৃত্যুর খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সিপিবি সাধারণ সম্পাদকের বাসায় যান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। উম্মে হানি খানম ষাটের দশকে সুফিয়া কামালের সঙ্গে বাংলাদেশ মহিলা পরিষদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি দরিদ্র শিশুদের শিক্ষা বিস্তারের জন্য কাজ করেন। উম্মে হানির মৃত্যুতে সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো, কেন্দ্রীয় কমিটি, ঢাকা কমিটি শোক প্রকাশ করেছে। এছাড়া ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনও শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এমআই/১৮৩৫ ঘ.