ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বনপাড়া পৌরসভা নির্বাচনে ৪০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী কেএম জাকির হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মামুনুর রশিদ জানান, জাকির হোসেন তিন হাজার সাতশ ২৮ ভোট পেয়ে বনপাড়ার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহুয়া নূর কচি পেয়েছেন তিন হাজার সাতশ ২৮ ভোট।
গতবছর বনপাড়া বাজারে দুষ্কৃতকারীদের হামলায় নিহত পৌর মেয়র ও বিএনপিনেতা সানাউল্লাহ নূল বাবুর স্ত্রী মহুয়া নূর। আওয়ামী লীগের কর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। মহুয়া স্থানীয় আওয়ামী-যুবলীগের কয়েকজন নেতার বিরুদ্ধে এ ঘটনায় মামলাও করেন।
ঘোড়াশাল: ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগ ও রায়পুরা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রাথী মেয়র নির্বাচিত হয়েছেন বলে জানান নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা খাতুন।
ঘোড়াশালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরিফুল হক শরীফ ১০ হাজার ছয়শ' তিন ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের 'বিদ্রোহী প্রার্থী' শেখ মোহাম্মদ ইলিয়াছ পেয়েছেন আট হাজার সাতশ ৮৬ ভোট।
রায়পুরা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক মেয়র আ. কুদ্দুছ আট হাজার একশ ৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লতিফ মোল্লা পেয়েছেন পাঁচ হাজার নয়শ ৪৭ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩৩৫ ঘ.
bdnews24