২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জ শহরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 11:00 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

সিরাজগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে হরতাল সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশ ও সাংবাদিকও রয়েছে। প্রায় ৩ ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময়ে শহরের প্রেসক্লাব মোড়, ১ নং খলিফাপট্টি, ডিগ্রি কলেজ রোড, ইলিয়ট ব্রীজ সড়ক, ইসলামিয়া কলেজ রোড, ফজলুল হক রোড, সদর হাসপাতাল সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছোড়ে। সংঘর্ষের পর এসব এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা দলের জেলা কার্যালয় ও যুবলীগ কার্যালয় ভাংচুর করেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার সকাল থেকে দেশব্যাপী ৩৬ ঘণ্টার এ হরতালের ডাক দেয়। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রায়হান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের এসএস রোডে দলীয় কার্যালয় থেকে হরতালের বিপক্ষে মিছিল বের করে। মিছিলটি বাজার ষ্টেশন হয়ে দরগা রোডে গেলে মিছিলকারীরা জামায়াত কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মিছিলকারীরা এসএস রোডের দিকে মিছিল নিয়ে চলে যায়। সেখানে দলীয় কার্যালয়ে সংঘবদ্ধ হয়ে কিছুক্ষণ পর তারা আবারও মিছিল বের করে। মিছিলটি ইলিয়ট ব্রীজ অতিক্রম করে লক্ষী সিনেমা হলের সামনে গেলে মিছিলকারীরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে ওই কার্যালয়ে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপকারীদের ধাওয়া করে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন, উপ-পরিদর্শক আব্দুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক আব্দুল জব্বার, কনষ্টেবল আনোয়ার হোসেন ও সাংবাদিক নজরুল ইসলাম আহত হয়। আহতরা সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুব হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেল, যুবনেতা জাহাঙ্গীর হোসেন, আনিছ, আকাশ, মোহাম্মদ আলী ও ছাত্রলীগের সুমন, সোহেলসহ অন্ততঃ ২৫জন আহত হয়েছে। এদিকে, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ সুইট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ চলাকালে ছাত্রদলের রিকো, সৈকত, বিপুল, রাশেদ, আলিম, আল-আমিন এবং যুবদলের একরামুল হক, আব্দুল করিম, রিয়াজ ও সাব্বিরসহ অন্ততঃ ২০জন আহত হয়। জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক নাসিমুর রহমান নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে ভাংচুর করেছে। এতে কার্যালয়ের টেবিল, চেয়ার ও বেঞ্চসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও সকালের দিকে বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার সময় আওয়ামী লীগ কার্যালয় লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর ২টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬৫৩ ঘ.