ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের হরতালের মধ্যেও সুপ্রিম কোর্ট বিচারিক কার্যক্রম চলছে। তবে কর্মকর্তা ও বিচারপ্রার্থীদের উপস্থিতি কম।
রোববার ৯টা ৩৫ মিনিটের দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতি এজলাসে আসেন।
শুরুতে বাংলাদেশ সরকার এবং মো. মনজুরুর রহমানের মধ্যকার একটি মামলার শুনানি হয়। শুনানিতে সরকার পক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে বিবাদি পক্ষের আইনজীবী আদালতে আসেননি।
সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্টের বেঞ্চগুলো ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম। হাইকোর্টের বিচারপতিরা সাধারণত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে এজলাসে আসেন। এর আগেই সংশ্লিষ্ট বেঞ্চের কর্মকর্তা-কর্মচারীরা বিচারিক কক্ষে ঢোকেন।
অন্যদিকে প্রশাসনিক বিভাগে যথারীতি কাজ চলতে দেখা গেছে।
এদিকে হরতালের সমর্থনে বিরোধী দল সমর্থক আইনজীবীরা মিছিল বের করেছে। সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের বার ভবন থেকে শুরু হয়ে মিছিলটি মূল ফটকে গেলে পুলিশ বাধা দেয়। সেখানেই বিক্ষোভ ও সমাবেশ করেন মিছিলকারীরা।
সরকার সমর্থক অনেক আইনজীবী, সরকারের আইন কর্মকর্তাদেরও আদালত অঙ্গনে দেখা গেছে।
সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার পুলিশি রাজত্ব কায়েম করেছে। বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, "আমরা মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় হরতাল করছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে অস্থিরতা সৃষ্টি করেছে।"
'অতি উৎসাহী পুলিশদের' ভবিষ্যতে বিচার করার ঘোষণা দেন এই বিএনপি নেতা।
এদিকে হরতাল পালনে আহ্বান জানিয়ে সকাল সোয়া ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার নিু আদালত পাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুটি পক্ষ মিছিল করেছে।
ঢাকার মহানগর দায়রা জজ, জেলা জজ, মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচার বিভাগীয় হাকিম, জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্ত্বরে মিছিল শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে এবং জেলা জজ আদালত ভবনের পেছন থেকে মিছিল জনসন সড়কে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় হরতাল সমর্থিত আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক সানাউল
bdnews24