২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার হরতালের হুমকি ফখরুলের

হরতালের মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে কর্মসূচি লাগাতার চলবে বলে হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 04:40 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে কর্মসূচি লাগাতার চলবে বলে হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৬ ঘণ্টার হরতালের শুরুতে রোববার তিনি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, "পুলিশ যেভাবে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে, তা চলতে থাকলে প্রয়োজনে আমরা ৭২ ঘণ্টা ও ৭ দিনের হরতাল দিতে বাধ্য হবো।" কোনো ধরনের পিকেটিং ছাড়া জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেন ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে জামায়াতে ইসলামীও একই দাবিতে হরতাল ডেকেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩৪ ঘ.