সিলেট, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে ৩৬ ঘণ্টার হরতালকে সামনে রেখে পুলিশ বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী থানার ওসি খন্দকার নওরাজ আহমদ জানান, হরতালে বিশৃঙ্খলা এড়াতে ও নাশকতা রোধে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের পাশাপাশি র্যাবের বিশেষ টহল দল নজরদারী করছে।
এদিকে বিকাল ৫টায় হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। পুলিশ বিএনপির মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়।
পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সহ সভাপতি নাসিম হোসাইন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯৪৪ ঘ.
bdnews24