নওগাঁ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশায় আম বেচাকেনা হচ্ছে ৪৫ কেজিতে এক মণ ধরে। ব্যবসায়ীরা মণে পাঁচ কেজি বেশি নিচ্ছেন বলে অভিযোগ করেন আমচাষিরা।
দামও অন্যান্যবারের তুলনায় কম। আমের বাম্পার ফলন হলেও লাভ ঘরে তুলতে পারছেন না চাষিরা।
উপজেলার সহড়ন্দ গ্রামের আম চাষী আব্দুল কাদের জিলানী বলেন, এখানে ব্যবসায়ীরা প্রতি মণ ৪৫ কেজি ধরে হিসাব করছেন। তারা দামও কম দিচ্ছে।
তিনি জানান, উপজেলার আম ব্যবসায়ী ও আড়ৎদাররা ল্যাংড়া আম মাত্র চৌদ্দশ' থেকে পনেরশ' টাকা মণ দরে কিনছে। কিন্তু পাশের উপজেলা ও জেলা শহরে একই আম কমবেশি দুই হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে বলে জানান কাদের জিলানী।
আমচাষী রবিউল ইসলাম জানান, তিনি ১৬ মণ ল্যাংড়া আম বিক্রি করেছেন পনেরশ' টাকা মণ দরে। প্রতি মণে ৪৫ কেজি করে আম নিয়েছে ব্যবসায়ীরা।
তিনি আক্ষেপ করে বলেন, প্রতি মণে ৫ কেজি করে বাড়তি দিয়ে ১৬ মণে তাকে ২ মণ বেশি দিতে হয়েছে। ২ মণ আমের দাম ৩ হাজার টাকা।
তাহলে বাইরের জেলা বা উপজেলায় নিয়ে কেন আম বিক্রি করছেন না- এমন প্রশ্নে জবাবে ব্যবসায়ীরা জানান, সময় দিতে পারি না। কারণ আম বাজারে বিক্রি করতে গেলে বাগান খালি পড়ে থাকে।
আর বাইরের জেলা বা উপজেলায় বিক্রি করতে গেলে সেখানকার ব্যবসায়ীরাও বুঝে ফেলে আমরা বিপদে পড়ে আম বিক্রি করতে গেছি। ফলে তারাও তখন কম টাকায় আম কিনতে চায়।
এ ব্যাপারে উপজেলার সারাইগাছী বাজারের আমের আড়ৎদার সজল মিয়া বলেন, সকলেই যে দামে কিনছে আমরাও সেই দামে কিনছি।
তিনি বলেন, আম পাকলে ওজনে কমে যায় তাই মণে ৫ কেজি করে বেশি নেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩০ ঘ.
bdnews24