রংপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে পীরগঞ্জ উপজেলার ভেণ্ডাবাড়িতে একটি নির্মাণাধীন খাদ্য গুদামের ছাদ ধসে চাপা পড়া ২৭ জনের সকলকেই উদ্ধার করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি রওশন মোস্তফা ঘটনাস্থল থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকে পড়া সকলকে উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে ছাদ ঢালাই চলাকালে বিকট শব্দ করে তা ধসে পড়ে। এতে ২৭ জন নির্মাণ শ্রমিক
চাপা পড়ে।
এর আগে প্রাথমিক খবরে পুলিশ জানায়, চাপা পড়া শ্রমিকের সংখ্যা ৫০। কিন্তু কাজে নিয়োজিত শ্রমিকের সংখ্যা ও পরিচয় যাচাই করে পরে দেখা যায় চাপা পড়া লোকের সংখ্যা ২৭।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে ১৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
রংপুর ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছাদের নীচে চাপা পড়ে থাকা বাকি ১৪ জনকে উদ্ধার করে।
হক ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগের অধীনে এই খাদ্য গুদামের নির্মাণ কাজ করছে। শনিবার সকাল ১১টার দিকে ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়। পুরোদস্তুর কাজ চলতে থাকার এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে ছাদ ধসে পড়ে ২৭ শ্রমিক চাপা পড়ে।
স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করে এবং প্রথমে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে মুকুল (৩০), শহীদ হোসেন (২৫) ও আফজাল হোসেন (২৭) নামের তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
থানার ওসি রওশন জানান, ছাদ ধসে পড়ার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর, ফজর আলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্সের তদারককারী রাজু মিয়াকে ধরে গণধোলাই দিয়ে আটক করে রাখে।
পুলিশ এই তিনজনকে উদ্ধার করে ভেণ্ডাবাড়ি তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২১১ ঘ.
bdnews24