২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় আচরণবিধি লংঘনের অভিযোগে ৯ জনের জেল

পাবনার আতাইকুলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নয় জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

পাবনা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আতাইকুলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নয় জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার প্রথম প্রহরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাক আহমেদ এ সাজা দেন। আগামী ২৯ জুন এ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। সাজাপ্রাপ্তরা হলেন, আতাইকুলা থানার দূর্গাপুর গ্রামের আবুল হোসেন (৩৬), উগ্রগড় গ্রামের মানিক হোসেন (২৫), মৌগ্রামের আকবর আলী (৪০), মিলন কুমার (২০), আব্দুল মালেক (৩৫), ঝরু মন্ডল (২৪), সোহেল রানা (২৫), লিটন হোসেন (২০) ও খবির উদ্দিন (৩০)। পুলিশ জানিয়েছে, এরা আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সমর্থক। আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়ার সমর্থকরা রাতে মিছিল করার জন্য জমায়েত হয়েছে এমন অভিযোগ পেলে পুলিশ নয় জনকে দূর্গাপুর গ্রাম থেকে রাত ১০টায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোস্তাক আহমেদ নয় জনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২১৩ ঘ.