মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পাহাড় ধসে স্বজন ও বাড়িঘর হারানো মানুষেরা এখন বস্তিবাসী। স্মরণকালের ভয়াবহ ওই ঘটনার চার বছর পরও তাদের পুনর্বাসনে কোনো অগ্রগতি হয়নি।
বিভিন্ন পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে এখনো বাস করছে প্রায় ২ লাখ মানুষ।
২০০৭ সালের ১১ জুন সকালে পাহাড় ধসে মা, ভাই-বোনসহ পরিবারের তিন সদস্যকে হারান নগরীর কুসুমবাগ আবাসিক এলাকার দক্ষিণ ঢেবার পাড়ের সে সময়ের বাসিন্দা মো. হুমায়ুন।
ওই দুর্ঘটনার পর কর্তৃপক্ষের পুনর্বাসনের আশ্বাসে পরিবারের সদস্যদের নিয়ে পাহাড়ের পাদদেশ ছাড়েন হুমায়ুন। পরের মাসে চট্টগ্রাম সার্কিট হাউজে সরকারের পক্ষ থেকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ পান তিনি। কিন্তু চার বছর পার হলেও মেলেনি পুনর্বাসন। হুমায়ুনের মতোই একই পরিণতি মেনে নিতে হয় অনেক পরিবারকে।
তিনি শুক্রবার আক্ষেপের সুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুনর্বাসনের জন্য তালিকা হয়েছিলো। কিন্তু তারপর আর কিছুই হলো না।"
হুমায়ুনের মতো একই কথা বলেন মো. পারভেজ ও মাহবুবুর রহমান।
অনেকাংশে উদ্বাস্তুর মতোই চলছে তাদের জীবন। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস ছাড়লেও ওই এলাকা ছাড়তে পারেননি তারা।
ঢেবার পাড় এলাকার বিভিন্ন বস্তিতে কোনোভাবে জীবন ধারণ করছে এসব মানুষ।
২০০৭ সালের ১১ জুন নগরীর কুসুমবাগ, কাইচ্যাঘোনা, সেনানিবাসের লেডিস ক্লাব সংলগ্ন লেবু বাগান, বায়েজিদ বোস্তামী, মতিঝর্ণা পাড়সহ সাতটি স্থানে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিহত হন বিভিন্ন পরিবারের একশ' ২৭ জন। ঘর চাপা পড়ে পুরো পরিবারের সব সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটে।
ব্যাপক প্রাণহানির পাশাপাশি বৃষ্টিতে নগরীর সব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে বন্দর নগরী।
স্বজন হারানোর বেদনা নিয়ে অনেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস ছাড়লেও নগরীর বিভিন্ন পাহাড়ের খাড়ায় এখনো বাস করছে অনেক পরিবার।
কুসুমবাগ এলাকা ঘুরে দেখা যায়, ঢেবার দক্ষিণ ও পশ্চিম পাড়ে একাধিক পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে নতুন নতুন ঘর। এসব কাঁচা ঘরে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে কয়েকশ' পরিবার।
একই চিত্র লালখান বাজার সংলগ্ন মতিঝর্ণা এলাকায়। ২০০৭ সালে এখানে পাহাড় ধসে মৃত্যু হয় ১৮ জনের। ২০০৮ সালের ১৮ অগাস্ট ওই এলাকার টাঙ্কির পাহাড়ে ফের ধসে মৃত্যু হয় ১১ জনের।
এখনো মতিঝর্ণা, বাটালী হিল, টাঙ্কির পাহাড়, বাঘঘোনা এলাকার এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পাহাড়ের পাদদেশে বসবাস করে প্রায় এক লাখ মানুষ।
মতিঝর্ণা এলাকায় পাহাড় ধসে দুলালের খালা আনোয়ারা বেগম ও খালু সরু মিয়া নিহত হন।
তারপরও কেনো জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকেন জানতে চাইলে দুলাল বলেন, "তিন হাজার টাকায় শহরের অন্য কোথাও ঘর পাওয়া যাবে না। তাই এখানে না থেকে কোনো উপায় নেই।"
পাহাড় ধস রোধে ২০০৭ সালে তৎকালীন বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ৩৬ দফা সুপারিশ করে।
পাহাড় কাটার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা এবং পরিবেশ অধিদপ্তরকেও দোষারোপ করে কমিটি।
পুনর্বাসন বিষয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্তদের নগরীর বাইরে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় তা সফল হয়নি।
তিনি বলেন, "স্বল্প আয়ের মানুষেরা জীবিকার তাগিদে নগরীতে আসে। তাদের শহরের বাইরে পুনর্বাসনের ধারণা বাস্তবসম্মত নয়।"
পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা ঝুঁকিতে আছেন স্বীকার করে সিরাজুল হক বলেন, গরিব মানুষের দায় কেউ নেয় না। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিসিসিসহ অন্যান্য প্রতিষ্ঠানের এক্ষেত্রে দায়িত্ব পালন করা উচিত।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের তথ্য অনুযায়ী, নগরী ও এর আশপাশের ১৬টি এলাকায় প্রায় ২ লাখ মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী জানান, পাহাড় কাটা বন্ধে অভিযান আগের মতোই চলবে। তবে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিসিসিকেও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
প্রভাবশালীদের কারণেই নগরীতে পাহাড় কাটা ও পাহাড় দখল চলছে বলে মনে করেন সিসিসি'র নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম।
তিনি বলেন, নগরীতে কয়েকটি পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন হলেই পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে বসবাসকারীরা সেখান থেকে চলে আসবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/এইচএ/১১০০ ঘ.
bdnews24