২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে জনতা-র‌্যাব-পুলিশ সংঘর্ষ, নিহত এক

শরীয়তপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় দুপক্ষ, র‌্যাব ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 06:30 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

শরীয়তপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় দুপক্ষ, র‌্যাব ও পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম সায়েদ বেপারী (২২)। সংঘর্ষের সময় আহত সায়েদ জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তার বাবা হারুন বেপারীও সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় কয়েকজন র‌্যাব সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। র‌্যাব সদস্যসহ অন্য আহতরা শরীয়তপুর সদর হাসপাতাল, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। গুরুতর আহত স্থানীয়দের ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শৌলপাড়া ইউনিয়নের উত্তর গ্রাম চিকন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ভোট গণনা শেষে চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন হাওলাদার (ঘড়ি) ও তার সমর্থকরা ভোট কক্ষে প্রবেশ করে আবদুল মান্নান খানের (আনারস) ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ছিড়ে ও পুড়িয়ে ফেলে। ছিনিয়ে নেওয়া ব্যালট পেপার তারা রাস্তায় বিভিন্ন জায়গায় ফেলে রেখে যায়। এ সময় উভয় গ্রুপের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় অন্তত পাঁচজন আহত হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে শরীয়তপুর সদর থেকে দুটি মাইক্রো বাসে করে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার সঙ্গে র‌্যাব ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, নিহত ছায়েদের পেটে জখম আছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে তিনি কিসের আঘাতে মারা গেছেন। পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, আমার পাঁচ/ছয়জন পুলিশ সদস্যসহ কয়েকজন র‌্যাব সদস্য আহত হয়েছে। র‌্যাবের সহকারী পরিচালক আরিফুল বলেন, আমাদের সদস্যদের অস্ত্র পরীক্ষা করার পর বলা যাবে তারা গুলি করেছে কি না। এখন বলা যাচ্ছে না গুলি করা হয়েছে কি না বা কত রাউন্ড গুলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০১৫ ঘ.