২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফেঁসে' যাওয়া বিজয়ের মুক্তির নির্দেশ হাইকোর্টের

চোরাচালানের অভিযোগে 'ভুলভাবে' ফেঁসে যাওয়া চট্টগ্রামের বাসিন্দা বিজয় রুদ্রকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 10:53 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাচালানের অভিযোগে 'ভুলভাবে' ফেঁসে যাওয়া চট্টগ্রামের বাসিন্দা বিজয় রুদ্রকে মুক্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খানের দায়ের করা এক রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ নির্দেশ দেয়। আবেদনে বলা হয়, অপু চন্দ্র সরকার নামে চট্টগ্রামের ফটিকছড়ির এক ব্যক্তি নিজের ঠিকানা গোপন রেখে বিজয় রুদ্র নামে সাতকানিয়ার আরেক ব্যক্তির নামে পাসপোর্ট তৈরি করে ভারতে যান। ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি ভারত থেকে ফেরার পথে অবৈধ পণ্যসহ বেনাপোলে ধরা পড়েন তিনি। পরের দিন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি একই বছরের ২২ জুলাই জামিনে বের হয়ে আসেন। এর পর আর তিনি আদালতে হাজির হননি। আবেদনে আরো বলা হয়, তার অনুপস্থিতিতে অনুষ্ঠিত বিচারে আদালত তাকে (অপু) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়। পরে পাসপোর্টে উল্লেখিত ঠিকানায় গিয়ে পুলিশ ২০০৭ সালের ১৩ নভেম্বর বিজয় রুদ্রকে গ্রেপ্তার করে। ২০০৮ সালের ১৯ ফেব্র"য়ারি হাইকোর্টের নির্দেশে বিজয় জামিন পান। ওই সাজা হাইকোর্ট বহাল রাখলে ২০১০ সালের ২৫ নভেম্বর বিজয় রুদ্র আবার আত্মসমর্পণ করেন। আদেশের পর এলিনা খান সাংবাদিকদের বলেন, অপু চন্দ্র সরকার তার পাসপোর্টে বিজয় রুদ্রের নাম ঠিকানা ব্যবহার করায় বিজয় রুদ্র ফেঁসে যান। পুলিশ ওই পাসপোর্ট দেখে মামলা করলেও পরে পাসপোর্ট আদালতে উপস্থাপন করেনি। তবে শেষ পর্যন্ত পাসপোর্টের ছবিই বাঁচিয়ে দেয় বিজয়কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/পিডি/১৬৫০ ঘ.