২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬০ শীর্ষ কর খেলাপিকে সিসিসি'র নোটিশ

ব্যক্তিখাতে প্রায় চার কোটি টাকা বকেয়া পৌরকর পরিশোধে ১৬০ জন শীর্ষ কর খেলাপিকে নোটিশ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

মিঠুন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিখাতে প্রায় চার কোটি টাকা বকেয়া পৌরকর পরিশোধে ১৬০ জন শীর্ষ কর খেলাপিকে নোটিশ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ১ জুন থেকে এসব লিখিত নোটিশ পাঠানো শুরু হয়েছে। সিসিসি'র আটটি রাজস্ব সার্কেলের প্রতিটিতে ২০ জন কর কর খেলাপিকে চিহ্নিত করা হয়েছে। সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬০ শীর্ষ কর খেলাপিকে চিহ্নিত করে কর পরিশোধে তাদেরকে এক সপ্তাহ সময় দিয়ে লিখিত নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে বকেয়া পৌর কর পরিশোধ না করলে 'সরকারি দাবি আদায় আইন' অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি হল কর খেলাপির স্থাবর- অস্থাবর সম্পত্তি জব্দ করা। রাজস্ব কর্মকর্তা একেএম নাজের জানান, এই ১৬০ জন কর খেলাপির কাছে পাওনা প্রায় চার কোটি টাকা। এ পর্যায়ের কাজ শেষ হলে পরবর্তীতে আরো কর খেলাপিকে নোটিশ পাঠানো হবে। চার সরকারি প্রতিষ্ঠানের বকেয়া কর ৩৯২ কোটি টাকা চারটি সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া ৩৯২ কোটি ৫৪ লাখ টাকা হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) বিপরীতে চট্টগ্রাম সিটি করপোরেশন চলতি অর্থবছরে আদায় করেছে মাত্র ২৪ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বকেয়া কর পরিশোধ করলেও অন্য তিন প্রতিষ্ঠান কোনো বকেয়া কর পরিশোধ করে নি। এ প্রসঙ্গে সিসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি প্রতিষ্ঠানগুলো অর্থবছরের শুরুতে বকেয়া পৌর কর পরিশোধের আশ্বাস দিলেও চবক ছাড়া আর কেউ টাকা পরিশোধ করে নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম এ বিষয়ে সিটি মেয়র মনজুর আলমের সঙ্গে বৈঠক করে কর পরিশোধের আশ্বাস দিয়েছেন বলে সিসিসি'র কর্মকর্তারা জানিয়েছেন। চবকের কাছে সিসিসি'র মোট পাওনা কর ৩২১ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১০৯ টাকা। বাংলাদেশ রেলওয়ের কাছে বকেয়া কর ৫৫ কোটি ১১ লাখ ৯২ হাজার ৩৬৬ টাকা এবং সিডিএ'র কাছে বকেয়া কর ৮ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার ৮২৭ টাকা। বন্ধ হয়ে যাওয়া স্টিল মিলের কাছে সিসিসি'র বকেয়া কর ৬ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ১০০ টাকা। এখানে স্থাপিত কর্ণফুলী ইপিজেডের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বেপজা স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে এ কর মওকুফের আবেদন করেছে। চলতি অর্থবছরের শেষ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সিসিসি কর ও অন্যান্য খাতে আয় করেছে মোট ১০৪ কোটি ৭৬ লাখ ৪১ হাজার ৬২ টাকা। এর মধ্যে পৌরকর খাতে ৫৪ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৫১৩ টাকা, ট্রেড লাইসেন্স বাবদ নয় কোটি ৬৯ লাখ ৩২ হাজার ২১০ টাকা ও ভূমি হস্তান্তর খাতে ৩৮ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ৯৩৪ টাকা। এছাড়া সাইনবোর্ডের কর বাবদ এক কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৩৩ টাকা, যানবাহন খাতে ৩৫ লাখ ৯৫ হাজার ২৫ টাকা এবং বিবিধ খাতে কর আদায় হয়েছে ১৪ লাখ ৮১ হাজার ৪৫৪ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/১৯০৪ ঘ.