ফেনী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর পরশুরাম উপজেলায় এক ব্যক্তিকে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত আহাম্মদ উল্লাহ মানিক (২৬) পরশুরাম পৌর এলাকার বাউরপাথর গ্রামের হুদা মিয়ার ছেলে।
সোমবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত মানিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
এ ঘটনায় মঙ্গলবার হুদা মিয়া বাদী হয়ে মানিকের স্ত্রী শাহেনা আক্তার (২২), শ্বশুর ইমাম হোসেন (৪৫), শাশুড়ি মায়েনা আক্তার (৪০) ও শ্যালক জসিম উদ্দিনকে (২০) আসামি করে পরশুরাম থানায় মামলা করেছেন।
পুলিশ স্ত্রী শাহেনা আক্তারকে গ্রেপ্তার করেছে।
মামলার বরাত দিয়ে পরশুরাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূরুদ্দিন জানান, দশ বছর আগে একই গ্রামের ইমাম শাহেনা আক্তারকে বিয়ে করেন মানিক। তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া-বিবাদ হতো।
সোমবার মানিকের সঙ্গে ঝগড়া করে শাহেনা বাবার বাড়ি চলে যান। রাতে বাড়ি এসে স্ত্রীকে না পেয়ে মানিক শশুরবাড়ি যান।
পুলিশ হেফাজতে থাকা শাহেনা আক্তার সাংবাদিকদের জানান, রাতে নেশাগ্রস্ত মানিকের সঙ্গে শাহেনার ঝগড়া হয়। এক পর্যায়ে মানিক তাকে মারধর করেন। এতে শাহেনার বাবা ও ভাই বাধা দিলে মানিক তাদেরও মারতে থাকেন।
এক পর্যায়ে শাহেনা ও তার পরিবারের সদস্যরা মানিককে কুপিয়ে মারাত্মক আহত করেন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মানিকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৬ ঘ.
bdnews24