২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছিনতাই হওয়া রাইফেল উদ্ধার, গ্রেপ্তার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া চাইনিজ রাইফেলটি উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

গাইবান্ধা, ০৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া চাইনিজ রাইফেলটি উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে এটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাতে কঞ্চিবাড়ি ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম লিটন (৩৮) ও সেনা সদস্য মোখলেসুর রহমানকে (২৫) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। রোববার রাত ১০টার দিকে কঞ্চিবাড়ি ইউপির বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা ব্যালট বাক্স ও পেপার নিয়ে মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ রওয়ানা দেন। পুলিশ দাবি করেছে, পরাজিত চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম লিটনের সমর্থকরা পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাইক্রোবাসে হামলা চালায়। তারা পুলিশের একটি চাইনিজ রাইফেল ছিনতাই করে। তাদের হামলায় ৯ পুলিশ সদস্য আহত হয়। সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার বজরা কঞ্চিবাড়ীর কালির ভিটের একটি নালা থেকে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে রাইফেলটি উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানায়, প্রথমে উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বাদশার মাধ্যমে লুট করা রাইফেলটি ফেরৎ দেয়ার প্রতিশ্র"তি দিয়েছিলো ছিনতাইকারীরা। তখন থেকেই তাদের মোবাইল টেলিফোনে আড়ি পাতা হয়। আশরাফুল আলম কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বাসে অভিযান চালিয়ে বজরা কঞ্চিবাড়ি এলাকা থেকে এবং সেনা সদস্য মোখলেসকে উপজেলার ধর্মপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান। পুলিশ সুপার (এসপি) বাসুদেব বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অস্ত্রটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮০৮ ঘ.