ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছে।
এরমধ্যে টাঙ্গাইলে তিন দুর্ঘটনায় নিহত হয় চারজন এবং আহত হয় পাঁচজন। বাকি হতাহতরা বগুড়ার বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকাল ও সোমবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল: মঙ্গলবার সকালে সদর, মির্জাপুর ও বাসাইল উপজেলায় নিহতরা হলেন- সদরের নুপুর (১৮), ঢাকার ধামরাইয়ের শামীম (৭), নীলফামারীর হালুয়া পাড়ার মো. সাইফুল ইসলাম (৩৮) এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলার ফানানগর গ্রামের শফিক মিয়া (৩২)।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট সালাহউদ্দিন জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়।
হাইওয়ে পুলিশের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, মির্জাপুরের চরপাড়া সেতুর কাছে একটি ট্রাকের পিছনে একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপের এক যাত্রী মারা যান।
বাসাইল থানার ওসি আবুল খায়ের জানান, টাঙ্গাইল-বাসাইল সড়কের নাকাসিম সেতুর কাছে পিকআপ চাপায় ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বগুড়া: সোমবার রাতে শেরপুর উপজেলার ধুনট মোড়ে বাস চাপায় নিহত দু'জন হলেন- খন্দকার টোলা গ্রামের তারেক (১৫) ও ঘোলাগাড়ী কলোনি গ্রামের রিকশাচালক আমিরুল ইসলাম (৫০)।
প্রত্যক্ষদর্শী জানায়, রাত ১০টার দিকে চারজন যাত্রী নিয়ে রিকশাচালক আমিরুল ধুনট মোড়ের দিকে যাচ্ছিলেন।
বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রিকশা চালক আমিরুল মারা যান।
আহত খন্দকার টোলা গ্রামের মুরাদ (১৮) ও বরইতলী গ্রামের মিলন (২৮) ও তার মেয়ে মীম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24