ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডাবল-ট্র্যাকে উন্নীত করার কাজ জুলাইয়ে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে সফররত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মহাপরিচালক সুলতান হাফিজ রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রায় এক হাজার ৪ শ' কোটি টাকা ব্যয়ে এ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে টঙ্গী থেকে ভৈরব বাজার অংশের কাজ আগামী মাসে শুরু হবে।
যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রকল্পের ৯৫ ভাগ অর্থ এডিবি দিচ্ছে বলেও মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ঢাকা-চট্টগ্রাম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে
যোগাযোগমন্ত্রী প্রতিনিধি দলকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্রমবর্ধমান গুরুত্ব অনুধাবন করে দ্বিতীয় ঢাকা-চট্টগ্রাম অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
"এ লক্ষ্যে নিজস্ব অর্থায়নে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে এডিবি। খুব শিগগিরই এডিবি'র সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হবে।"
পদ্মাসেতুতে রেল লাইন স্থাপনে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন নির্মাণে শিগগিরই পরামর্শক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে অন্যদের মধ্যে রেলওয়ের মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহাবউদ্দীন, এডিবির বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর থিবকুমার কান্দিয়া, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শ্রী উইরোয়াটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএম/এএল/১৭৫৪ ঘ.
bdnews24