২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'লিমন তদন্ত বিষয়ে জানানো হবে স্বরাষ্ট্রমন্ত্রী ফেরার পর'

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, লিমন হোসেনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ফেরার পর জানানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 11:41 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, লিমন হোসেনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ফেরার পর জানানো হবে। প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মঙ্গলবার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে লিমনের তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলা শিষ্টাচার-বর্হিভূত হবে। সচিবালয়ে সাংবাদিকরা তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন প্রতিমন্ত্রী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা শওকত আকবর। প্রতিবেদনে কী বলা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনে কী আছে জানতে চাওয়া হলে টুকু জানান, প্রতিবেদনটি এখনো তার হাতে পৌঁছেনি। "সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে তা গণমাধ্যমে থেকে জানতে পেরেছি। আগামী ৯ জুন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পর প্রতিবেদনের ব্যাপারে জানানো হবে।" স্বারষ্ট্রমন্ত্রী দেশে ফেরার পর তদন্তের বিষয় বিস্তারিত উপস্থাপন করা হবে- জানিয়ে শামসুল হক বলেন, "তদন্ত প্রতিবেদন কী নিয়ে হয়েছে, এর বিষয় কি, এর কর্মপরিধি ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত জানানো হবে।" ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। এতে তার বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমনের দাবি, র‌্যাব ধরে নিয়ে তাকে গুলি করেছে। ঘটনাটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্ন মহল সমালোচনা তুললে তদন্ত কমিটি করে সরকার। ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র‌্যাব। পরে র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম। ' মন্তব্য করা সমীচীন হবে না' তদন্ত চলাকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী বলেন, সন্ত্রাসী বাহিনীর সঙ্গে লিমন ও তার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তার বক্তব্য সমর্থন করে দুই দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তিনি বলেন, "লিমন হোসেনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আদালতে বিচারধীন, এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো। আদালতের ওপর সবার আস্থা রাখা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৭৩৪ ঘ.