২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে অতিষ্ঠ নগরজীবন

গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীবাসী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঢাকা ও এর আশপাশ এলাকায় বৃষ্টি নেই। এ অবস্থা আরো দু'তিন দিন অব্যাহত থাকতে পারে। এদিকে ভ্যাপসা গরমে মহানগরীতে কোমল পানীয়, শরবত ও রসালো ফলের চাহিদা বেড়েছে। গরমের হাত থেকে স্বস্তি পেতে রাজধানীর মানুষ ঝুঁকছে বিভিন্ন কোমল পানীয় এবং শরবতের দিকে। রাজধানীর ফুটপাতে বসেছে শরবত, শশা, ডাব ও ঠাণ্ডা পানীয়র দোকান। বেড়েছে বিভিন্ন রাসালো ফলের বিক্রি। কারওয়ান বাজারের ফলের আড়তের ব্যবসায়ী শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গরম বেড়ে যাওয়ায় ডাব, বেল, আনারস, আম, তরমুজ, শশা, কাঁঠাল এবং বাঙ্গি বেশি বিক্রি হচ্ছে। তিনি বলেন, কয়েক দিন ধরে ডাবের চাহিদা সবচেয়ে বেশি। খুচরা ব্যবসায়ীদের চাহিদার তুলনায় ডাব পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে মহাখালী রেলক্রসিয়ের পাশে একেকটি ডাব বিক্রি হতে দেখা গেল ৩০ টাকা। দোকানী মিজান জানান, সকাল থেকে তিনি শতাধিক ডাব বিক্রি করেছেন। মিরপুর-১ নম্বর সেকশনের ফল ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জানান, গরম বেশি থাকায় আনারস, লিচু, তরমুজ, আম এবং বেল তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। তীব্র গরমে রাজধানীতে ভ্রাম্যমাণ বিক্রেতারা ট্রাফিক সিগন্যালগুলোতে ১০ টাকায় বিক্রি করছেন একেকটি ঠাণ্ডা পানির বোতল। এছাড়া বরফ মেশানো লেবুর শরবত বিক্রি হতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়। একটি বেসকারি প্রতিষ্ঠানের বিপনন কর্মকর্তা সোহেল আরমান বলেন, 'ভ্যাপসা গরমের সঙ্গে ট্রাফিক জ্যাম। ঠাণ্ডা পানীয় ছাড়া চলছে না।' প্রেসক্লাবের সামনের লেবুর শরবত বিক্রেতা শাহীন জানান, গরম বেড়ে যাওয়ায় গত কয়েক দিন থেকে তিনি প্রতিদিন হাজার গ্লাস শরবত বিক্রি করছেন। এছাড়া গরমে তালের শাস ও মৌসুমী ফলের বিক্রি বেড়েছে। মিরপুর-১০ নম্বর গোলচত্বরে একেকটি তালের শাস বিক্রি হচ্ছে চার টাকা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৭১৩ ঘ.